Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খড়্গপুরে কটূক্তির জের, বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মহিলা কমিশনের

খড়্গপুরে রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে মহিলাদের প্রতি অসম্মানজনক উক্তি করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

খড়্গপুরে কটূক্তির জের, বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মহিলা কমিশনের
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: খড়্গপুরে রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে মহিলাদের প্রতি অসম্মানজনক উক্তি করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সংশ্লিষ্ট মহিলারা। বিষয়টি নিয়ে আলোড়িত হয়েছিল রাজ্য রাজনীতি। গত ২১ মার্চের সেই ঘটনায় এক আইনজীবীর অভিযোগের প্রেক্ষিতে রাজ্য মহিলা কমিশন বারাকপুর কমিশনারেটকে তদন্তের নির্দেশ দিল। মঙ্গলবার (৮ এপ্রিল) কমিশনের তরফে সেকশন অফিসার বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুরকে তদন্ত করে আগামী ৮ মে’র মধ্যে রিপোর্ট জমা দিতে লিখিত নির্দেশ দিয়েছেন। মহিলাদের প্রতি দিলীপ ঘোষের ওই অসম্মানজনক উক্তির প্রতিবাদ জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী তথা বারাকপুর পুরসভার কাউন্সিলার সম্রাট তপাদার।  তাঁর অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত নির্দেশ। 

Advertisement

এ ব্যাপারে অভিযোগকারী সম্রাট তপাদার বলেন, দিলীপ ঘোষ নারী জাতিকে অসম্মান করেছেন। তিনি যেভাবে প্রকাশ্যে গালাগাল করেছেন, একজন সভ্য মানুষ এভাবে নারীদের অসম্মান করতে পারেন না। তিনি বিজেপি রাজ্য সভাপতি ছিলেন, বিধায়ক ছিলেন, সংসদ সদস্য ছিলেন। ওঁনার ব্যবহারের জন্যই মানুষ গত লোকসভা নির্বাচনে মুখ ফিরিয়ে নিয়েছেন।  অবিলম্বে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। সেই দাবিতেই রাজ্য মহিলা কমিশনের কাছে আবেদন জানিয়েছি। এ ব্যাপারে বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাজ্য মহিলা কমিশনের নির্দেশ পেয়েছি। ভিডিও ক্লিপিং দেখা হবে। অভিযোগ খতিয়ে দেখা হবে। তারপর রিপোর্ট পাঠিয়ে দেব রাজ্য মহিলা কমিশনের কাছে। 
রাজ্য মহিলা কমিশনের নির্দেশে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দিলীপ ঘোষ যেভাবে খড়্গপুরে মহিলাদের ‘বাবা’ তুলে গালাগাল দিয়েছিলেন, তা বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলিতে বিশদে প্রচারিত হয়েছিল। তবে দিলীপবাবু তাঁর অবস্থানে অনড় ছিলেন। যা করেছেন, বেশ করেছেন—এমনও দাবি করেছিলেন তিনি। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ ঘোষের এই আচরণের তীব্র নিন্দা করা হয়েছিল। দিলীপবাবুর বিরুদ্ধে মহিলা কমিশন কী ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার!

Advertisement
সম্পর্কিত সংবাদ