Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টোটোয় মদ সাপ্লাই, আরামবাগে রাস্তা আটকে বিক্ষোভ মহিলাদের

গ্রামে বেআইনিভাবে বিক্রি করা হচ্ছিল মদ। তার জেরে বাড়িতে লেগেই থাকে অশান্তি

টোটোয় মদ সাপ্লাই, আরামবাগে রাস্তা আটকে বিক্ষোভ মহিলাদের
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গ্রামে বেআইনিভাবে বিক্রি করা হচ্ছিল মদ। তার জেরে বাড়িতে লেগেই থাকে অশান্তি। প্রশাসনকে বহুবার বেআইনি মদের ঠেক বন্ধ করার দাবি জানিয়ে ছিলেন বাসিন্দারা। কিন্তু, লাভ হয়নি। সোমবার টোটোয় করে মদ সাপ্লাই করা হচ্ছিল। সেই টোটো আটকে স্থানীয় মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। আরামবাগের মইগ্রামের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে আরামবাগ থানার পুলিস ও আবগারি দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান। পুলিসকে ঘিরে বিক্ষোভ চলে। পুলিসের সামনেই উত্তেজিত মহিলারা মদের বোতল ভাঙচুর করেন। পরে পুলিস ওই টোটো চালককে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরামবাগের আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট বাসুদেব সরকার বলেন, আগে ওই এলাকায় অভিযান হয়েছে। এদিন বাসিন্দারা অভিযোগ করায় ফের তল্লাশি চালানো হয়। টোটো চালককে আটক করেছে পুলিস। ওই এলাকায় নজরদারি বাড়ানো হবে। স্থানীয় বাসিন্দা আশিসকুমার হুই বলেন, দীর্ঘদিন ধরে গ্রামে অবৈধভাবে তিনটি বাড়ি থেকে মদ বিক্রি করা হচ্ছিল। বিষয়টি পুলিস, আবগারি দপ্তরকে জানিয়ে কোনও লাভ হয়নি। তাই এদিন মহিলারা জড়ো হয়ে মদ সরবরাহের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। পুলিসের সামনে মদ নষ্ট করে প্রতিবাদ জানানো হয়েছে। আমাদের গ্রামের ঐতিহ্য রয়েছে। কিন্তু, দিনের পর দিন মদের রমরমা কারবারের জন্য বিভিন্ন প্রজন্ম তাতে আসক্ত হয়ে পড়ছে। ক্ষতি হচ্ছে গ্রামের পরিবেশের। 

Advertisement

বিক্ষোভকারী মিতা রায়, বাসন্তী রায় বলেন, বাড়ির পুরুষ সদস্যরা রোজগার করলেও বেশিরভাগ টাকা মদ খেয়েই উড়িয়ে দিচ্ছে। বাড়িতে নিত্যদিন অশান্তি লেগেই রয়েছে। এরফলে তাদের শরীরও খারাপ হচ্ছে। তাই আমরা গ্রামে মদের ঠেক বন্ধ করে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে এদিন একটি টোটোতে করে মদ সরবরাহ করা হচ্ছিল। তাতে দেশি ও বিদেশি দু’ধরনের মদ ছিল। স্থানীয় বাসিন্দারা গ্রামের মধ্যেই সেই টোটোটিকে আটক করেন। খবর পেয়ে পুলিস ও আবগারি দপ্তরের কর্মীরা সেখানে যান। বাসিন্দারা মদ বের করে  রাস্তায় ফেলে নষ্ট করে দেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ