Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডগ স্কোয়াডের পুলিসকর্মীরাও পাবেন ঝুঁকি ভাতা? প্রস্তাব গেল নবান্নে

ভিআইপি ডিউটি হোক বা কোনও বড় নেতা আসার আগে সভাস্থল পরীক্ষা—নাশকতার আশঙ্কা নির্মূল করতে প্রথমেই যেতে হয় রাজ্য পুলিসের ডগ স্কোয়াডকে।

ডগ স্কোয়াডের পুলিসকর্মীরাও পাবেন ঝুঁকি ভাতা? প্রস্তাব গেল নবান্নে
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিআইপি ডিউটি হোক বা কোনও বড় নেতা আসার আগে সভাস্থল পরীক্ষা—নাশকতার আশঙ্কা নির্মূল করতে প্রথমেই যেতে হয় রাজ্য পুলিসের ডগ স্কোয়াডকে। জীবনের ঝুঁকি নিয়ে ডগ স্কোয়াডে কর্মরত পুলিসকর্মীরা সেই কাজ করেন। কিন্তু তাঁদের কোনও ঝুঁকি ভাতা (রিস্ক অ্যালাওয়েন্স) নেই। তাই তাঁদের জন্যও এই ভাতা চালু করার প্রস্তাব দেয় রাজ্য পুলিসের ওয়েলফেয়ার কমিটি। এবার পুলিস ডিরেক্টরেটের তরফে সেই প্রস্তাব পাঠানো হল নবান্নে। কীভাবে ডগ স্কোয়াডের কর্মীদের ঝুঁকি ভাতার আওতাভুক্ত করা যায়, তা নিয়ে প্রশাসনিক মহলে কথাবার্তা শুরু হয়েছে। 

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রতিটি জেলায় ডগ স্কোয়াড তৈরি করেছে রাজ্য পুলিস। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের নিয়ে ভিআইপি বা ভিভিআইপি যে এলাকায় আসবেন বা সভা করবেন, সেখানে আগেভাগে গিয়ে পরীক্ষা করেন পুলিসকর্মীরা। বোমা বা অন্য কোনও বিস্ফোরকের সাহায্যে নাশকতার ঘটনা ঘটলে এই স্কোয়াডের কর্মীরাই প্রথমে আঘাত পাবেন। তাই তাঁদের এই কাজে প্রতি মুহূর্তে থাকে জীবনের ঝুঁকি। এরপরও এতদিন তাঁদের কোনও ‘রিস্ক অ্যালাওয়েন্স’ নেই। অথচ এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত অন্যান্য ইউনিটের কর্মীরা ১৮ শতাংশ ভাতা পান। এই অবস্থায় বিষয়টি নিয়ে সক্রিয় হয় স্টেট পুলিসের ওয়েলফেয়ার কমিটি। তাদের তরফে কয়েকদিন আগে একটি প্রস্তাব পাঠানো হয় পুলিস ডিরেক্টরেটে। আধিকারিকরা বুঝতে পারেন, বিষয়টির গুরুত্ব রয়েছে। ডগ স্কোয়াডের কর্মীদের কাজে ঝুঁকি অনেক বেশি। সমস্ত দিক বিবেচনা করেই প্রস্তাবটি নবান্নে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে অর্থদপ্তরের সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকদের কথা হয়েছে বলে খবর। কীভাবে তাঁদের এই ভাতা দেওয়া যেতে পারে এবং তার পরিমাণ কত হবে, সেসব নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। ওই প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষিত কুকুরদের নিয়ন্ত্রণ করার জন্য একজন করে হ্যান্ডলার থাকেন। কিন্তু প্রতি এক বা দু’বছর অন্তর তাঁদের বদলি করা হয়। যে কারণে রাজ্য পুলিসের সারমেয় বাহিনীর দক্ষতা ও কার্যক্ষমতা কিছুটা হলেও কমে যায়। নতুন হ্যান্ডলার এসে কুকুরটিকে বশ করতে অনেকটা সময় চলে যায়। ‘অপারেশন’-এ গিয়েও সমস্যা হয়। তাছাড়া, বিভিন্ন জেলায় ডগ হ্যান্ডলারদের দিয়ে তাঁদের কাজের বাইরে অন্য ডিউটিও করানো হচ্ছে। তাই পাকাপাকিভাবে একটি ‘ডগ হ্যান্ডলিং স্কোয়াড’ তৈরির কথা বলা হয়েছে চিঠিতে। সেই সঙ্গে ওই স্কোয়াডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিভিন্ন জেলায় ভিআইপি ডিউটিতে যাওয়া কর্মীদের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন। এই প্রস্তাব কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ