সংবাদদাতা, জঙ্গিপুর: তিন সন্তানের সামনেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে স্বামী। এমন অভিযোগে শোরগোল পড়েছে সূতির আহিরণে। পুলিস জানিয়েছে, মৃতার নাম রেশমি বিবি(২৩)। সোমবার সকালে আহিরনের মাঠপাড়ার বাড়ি থেকে পুলিস তাঁর দেহ উদ্ধার করে। ওই বধূর স্বামী মসিবুল শেখ রবিবার গভীর রাতে বাড়িতে এসে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন করে পালিয়ে যায় বলে অভিযোগ। মৃতার বাপেরবাড়ির লোকজন মসিবুলের গ্রেপ্তারির দাবি তুলেছেন। পুলিস অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
সূতি থানার এক আধিকারিক বলেন, পারিবারিক অশান্তির জেরে ওই বধূকে খুন করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।
পুলিস জানিয়েছে, মসিবুল শেখ তার স্ত্রী ও তিন সন্তানের ঠিকমতো ভরনপোষণ দিত না। বাড়িতেও অনেকসময় আসত না। ফলে ওই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত। গত তিনমাস ধরে মসিবুল বাড়িতে আসেনি। রবিবার গভীর রাতে আচমকাই সে বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু করে দেয়। ওই দম্পতির মধ্যে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, এরপরই মসিবুল রেশমি বিবির চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা ঠুকে দেয়। তাঁর গলায় পা চেপে ধরে। তারপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ বসায়। সেসময় ওই দম্পতির তিন ছেলে ঘরেই ছিল। তারা চিৎকার করলে বা ঘরের দরজা খুললে তাদেরও মেরে ফেলা হবে বলে ভয় দেখায় মসিবুল। বাচ্চারা বাবার ভয়ে চিৎকার করতে পারেনি। মসিবুল স্ত্রীকে খুন করে বাড়ি থেকে পালিয়ে যায়। সোমবার সকালে বাচ্চারা কান্নাকাটি শুরু করলে পড়শিরা ছুটে আসেন। তাঁরা ওই বধূকে তড়িঘড়ি সূতির মহেশাইল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।