লখনউ: প্রেমিককের সাহায্যে স্বামীকে খুন করে দেহ ড্রামে ভরে রেখেছিল স্ত্রী। গত মাসে উত্তরপ্রদেশের মিরাটে মুসকানের কুকীর্তি সামনে আসতেই শিউরে উঠেছিল গোটা দেশ। এরইমধ্যে উত্তরপ্রদেশেরই কৌশাম্বিতে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে মারধর করে পালালেন স্ত্রী। সঙ্গে মেয়েকেও নিয়ে গিয়েছেন তিনি।
স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন ওই ব্যক্তি। সম্প্রতি তিনি স্ত্রীকে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। ঘটনায় বিব্রত হওয়া তো দূর, বরং স্বামীর উপর চড়াও হন ওই মহিলা ও তাঁর প্রেমিক। ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, মহিলার প্রেমিক ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে মিরাটের মতোই তাঁকে মেরে ড্রামে ভরে দেওয়ার হুমকি দেওয়া হয়। শেষপর্যন্ত চার বছরের মেয়েকে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান মহিলা। সঙ্গে নিয়ে গিয়েছেন মূল্যবান অলঙ্কার। ঘটনায় মুষড়ে পড়েছেন স্বামী।
এ প্রসঙ্গে কৌশাম্বির পুলিস সুপার ব্রীজেশ শ্রীবাস্তব অভিযুক্তর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। পুলিস এখন মহিলা এবং তাঁর প্রেমিকের খোঁজ শুরু করেছে।