নয়াদিল্লি ও শ্রীনগর: পহেলগাঁওতে জঙ্গি হামলার পর গোয়েন্দা ব্যর্থতার দিকে আঙুল তুলছেন অনেকে। কিন্তু, এই নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, পহেলগাঁওতে হামলার কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের পর্যটনস্থলে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছিলেন গোয়েন্দারা। সেইমতো তথ্যও দেওয়া হয়। তাহলে ‘মিনি সুইৎজারল্যান্ড’ বৈসরণ কেন অরক্ষিত ছিল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই হামলার ঘটনার তদন্তভার নিয়েছে এনআইএ। ওই সময় ঘটনাস্থলে বা তার কাছাকাছি থাকা শতাধিক মানুষের সঙ্গে কথা বলেছেন আধিকারিকরা। সেইসূত্রে এক দোকানদারের খোঁজ মিলেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি দিন ১৫ আগেই সেখানে দোকান খুলেছিল। কিন্তু, ২২ এপ্রিল অর্থাৎ হামলার দিন তাকে আর দোকান খুলতে দেখা যায়নি। এখন এনআইএর স্ক্যানারে ওই দোকানদার। তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। গুরুত্বপূর্ণ তথ্য পেতে তার ইন্টারনেট প্রোটোকলের বিবরণও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, হামলার সময় বৈসরণে উপস্থিত সমস্ত স্থানীয়ের একটি তালিকা তৈরি করেছে এনআইএ। ধরে ধরে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তালিকায় রয়েছেন দোকানদার, ফোটোগ্রাফার, অ্যাডভেঞ্চার স্পোর্টসের যুক্ত কর্মী, ঘোড়া চালকও।



