নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এপ্রিল মাসে গোটা দেশে জিএসটি বাবদ আদায় হয়েছে ২.৩৬ লক্ষ কোটি টাকা। এ পর্যন্ত যা সর্বোচ্চ। ২০২৪ সালের এপ্রিল মাসে এই পরিমাণ ছিল ২.১০ লক্ষ কোটি টাকা। অর্থাৎ গত বছর এপ্রিল মাসের তুলনায় দেশে জিএসটি আদায় বৃদ্ধির হার বেড়েছে ১২.৬ শতাংশ। জাতীয় স্তরের সঙ্গে পাল্লা দিয়েছে বাংলা। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ জিএসটি আদায়ের রেকর্ড হয়েছে এপ্রিল মাসেই। আদায়ের অঙ্ক ৫,০৫০ কোটি টাকা। ২০২৪ সালের এপ্রিল মাসে যা ছিল ৪,৪০০ কোটি। এর ফলে কেন্দ্রীয় বৃদ্ধির হারকেও ছাপিয়ে গিয়েছে বাংলার জিএসটি বৃদ্ধির হার। এ রাজ্যে জিএসটি বেড়েছে ১৪ শতাংশ হারে।
শুধু তাই নয়, জিএসটি বৃদ্ধির হারে ‘ডাবল ইঞ্জিন’ উত্তর প্রদেশ, গুজরাতকে পিছনে ফেলে দিয়েছে বাংলা। কেন্দ্রের রিপোর্ট বলছে, উত্তর প্রদেশে ১১ শতাংশ বেড়েছে জিএসটি আদায়। গুজরাতে ১৩ শতাংশ। এছাড়া মহারাষ্ট্রে ১১ শতাংশ এবং তামিলনাড়ুতে ১৩ শতাংশ হারে জিএসটি বৃদ্ধি হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, রাজ্যের আর্থিক নীতির কারণেই জিএসটি আদায় বৃদ্ধির জাতীয় হারকে পিছনে ফেলতে পেরেছে বাংলা। কারণ, মানুষের ক্রয় ক্ষমতার সঙ্গে সরাসরি জড়িত জিএসটি বৃদ্ধির বিষয়টি। তাছাড়া, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে মানুষের হাতে নগদের জোগান নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের ইতিবাচক প্রভাব পড়েছে রাজ্যের অর্থনীতিতে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘রাজ্যের এই সাফল্যের ফলে লাভবান হবে কেন্দ্রও। অথচ তারা ধারাবাহিকভাবে বাংলাকে বঞ্চনা করে চলেছে। এই সাফল্যের পিছনে অর্থদপ্তর এবং ডাইরেক্টরেট অব কমার্শিয়াল ট্যাক্সের ভূমিকা অনস্বীকার্য।’