Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের পথচলা শুরু

ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের পথচলা শুরু
  • ৩ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ১মে থেকে রাজ্যের একমাত্র আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক রূপে ‘ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক’ কাজ শুরু করল। রাজ্যের তিনটি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক যথা, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক(বিজিভিবি), পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক(পিবিজিবি) এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক(ইউবিকেজিবি)-এর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের স্পনসর শিপে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কে সফলভাবে একত্রীকরণ করা হল। নতুন ব্যাঙ্ক হিসেবে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক নামকরণ হল। নতুন ব্যাঙ্কের চেয়ারম্যান হলেন একে গোয়েল। 

Advertisement

এই একত্রীকরণের ফল স্বরূপ গত ৩১ মার্চের ফলাফল অনুযায়ী নবগঠিত ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের সম্মিলিত ব্যবসা ৫১ হাজার ৫৩৬ কোটি টাকা (আমানত ৩৩ হাজার ৩৮ কোটি এবং ঋণদান ১৮ হাজার ৪৯৮ কোটি) হল। এই ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলায় ১৮টি আঞ্চলিক কার্যালয়, ৯৬০টি শাখা ও ৪৪২১টি গ্রাহক পরিষেবা কেন্দ্রের মাধ্যমে মানুষকে পরিষেবা দেবে। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক পশ্চিমবঙ্গের গ্রামীণ ও আধা-শহুরে সম্প্রদায়ের জন্য সহজলভ্য ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ থাকবে বলেই জানিয়েছেন ব্যাঙ্কের কর্তারা। স্টেট লেভেল ব্যাঙ্কার কমিটির তথ্য অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক (৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত তিনটি পূর্বসূরি ব্যাঙ্কের সম্মিলিত তথ্য অনুযায়ী) শাখা বিস্তারের ক্ষেত্রে চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে অবস্থান করছে। 
এক আধিকারিক বলেন, খুচরো ব্যবসা, কৃষি, এমএসএমই এবং উদীয়মান উদ্যোগের জন্য ঋণ প্রদানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে অনুঘটক হিসেবে কাজ করবে। পাশাপাশি সরকারি সমাজকল্যাণ ও অর্থায়ন প্রকল্পগুলি বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করা হবে। গ্রাহকদের মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ইউপিআই, এইপিএস, মাইক্রো এটিএম, এসএমএস ব্যাঙ্কিং, হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং ইত্যাদি ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করা হবে।  আমাদের আইএফএসসি কোড আপাতত একই থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ