নয়াদিল্লি: আমরা লজ্জিত। ওড়িশায় কলেজ ছাত্রীর মৃত্যুতে মন্তব্য সুপ্রিম কোর্টের। অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তা ও লাগাতার মানসিক নির্যাতনের অভিযোগ তুলে কলেজেই গায়ে আগুন দিয়েছিলেন তরুণী। গত সোমবার মৃত্যু হয় বালেশ্বরের ফকির মোহন কলেজের ওই ছাত্রীর। সোমবার তা নিয়েই মন্তব্য করল শীর্ষ আদালত। এদিন শীর্ষ আদালতের মহিলা আইনজীবী সংগঠন বিষয়টি কোর্টের নজরে আনে। তারপর বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ জানায়, ‘আমরা লজ্জিত। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এখনও এই ধরনের ঘটনা ঘটছে। গ্রামীণ এলাকায় নারী ক্ষমতায়নে, তাঁদের সুরক্ষায় কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে আমরা কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে প্রত্যেকের কাছে পরামর্শ চাইছি।’



