Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ত্বকের যত্নে তরমুজ

গরমে প্রাণজুড়ানো ফল তরমুজ। কাঠফাটা গরমে তৃষ্ণা যেমন মেটায়, তেমনই রূপচর্চার ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন এই ফল।

ত্বকের যত্নে তরমুজ
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গরমে প্রাণজুড়ানো ফল তরমুজ। কাঠফাটা গরমে তৃষ্ণা যেমন মেটায়, তেমনই রূপচর্চার ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন এই ফল।

Advertisement

তরমুজ অর্থাৎ বেশিটাই জল। কিন্তু জলীয় ফলের জাদু অনেক! অ্যাকনে নিয়ন্ত্রণ থেকে শুরু করে ত্বকের রিঙ্কল বা ভাঁজ পড়া আটকানো— সবই তরমুজে থাকা নানা উপাদানের সাহায্যে করা সম্ভব। তরমুজের ভিতরে রয়েছে প্রাকৃতিক অ্যাসট্রিনজেন্ট, এটি ত্বককে দৃঢ় রাখে। এক্সফোলিয়েট অর্থাৎ ত্বকের মৃত কোষ দূর করার ক্ষেত্রেও কার্যকর এই ফল। এতে থাকা সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড মৃত কোষ দূরে করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তাই তরমুজের রস সমৃদ্ধ এক্সফোলিয়েটর কাজে দেবে রূপচর্চায়। 
এর সঙ্গেই তরমুজে পাবেন ভিটামিন সি। এটিও ত্বকের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। এছাড়া গরমে যেসব জিনিস ত্বকের জন্য আতঙ্কের কারণ হয়, যেমন জ্বালাভাব কিংবা র‌্যাশ বেরনো ইত্যাদিও রুখে দিতে সক্ষম তরমুজ। সেনসিটিভ স্কিনের বন্ধু হতে পারে এই ফল। তরমুজের যেহেতু ৯২ শতাংশ জল থাকে, এমনিতেও এই ফল খেলে শরীরে স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখা সহজ হয়। খাওয়ার পাশাপাশি একে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক টোনার হিসেবেও। ত্বকের আর্দ্রতাও ধরে রাখতে পারে এই ফলের রস। 
হঠাৎ কোথাও বেড়াতে গিয়ে খুব স্কিন ট্যান হয়েছে? ট্যান দূর করতে খুব ভালো কাজ দেয় তরমুজের ফেস মাস্ক। ভিটামিন সি থাকায় মেলানিনের মাত্রা কমাতে পারে এটি। একইভাবে ডার্ক সার্কেল দূর করতেও এই ফল কার্যকরী হয়।  
এবার জেনে নিন কীভাবে ত্বকের যত্নে তরমুজ ব্যবহার করবেন। এই ফল দিয়ে টোনার বানানোর জন্য  কাপ তরমুজের রস, ১ টেবিল চামচ গোলাপ জল, ১ টেবিল চামচ জল আর  চামচ মধু নিন। ছেঁকে নেওয়া তরমুজের রসে গোলাপ জল, মধু আর জল মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। এবার একটি বায়ুনিরুদ্ধ শিশিতে ভরে রাখুন এই মিশ্রণ। ফ্রিজে রেখে বেশ কয়েকদিন ব্যবহার করুন টোনার হিসেবে। এই টোনারে মুখের ত্বকে তৈলাক্তভাব কমবে। ত্বকে একটা আরামদায়ক অনুভূতি তো হবেই, তার সঙ্গে র‌্যাশ, অ্যাকনে ও জ্বালাভাবও দূর হবে। 
কীভাবে তরমুজ দিয়ে ফেসপ্যাক বানাবেন? তরমুজ কুরিয়ে ১ টেবিল চামচ আলাদা করে রাখুন। এবার ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ১ টেবিল চামচ চন্দন গুঁড়ো নিন। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে মিশ্রণটাকে একটা স্মুদ টেক্সচারের মতো করে ফেলুন। এবার সেটাই সারা মুখে দিয়ে দিন। মিনিট পনেরো রেখে মুখ ধুয়ে নিন। এই ফেস মাস্ক মুখে খুব দ্রুত একটা উজ্জ্বলতা নিয়ে আসতে পারে। স্কিন টোনেও একটা হালকা ভাব দেখতে পাবেন। 
এছাড়া স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন তরমুজ। চার টুকরো তরমুজ, তিনটে স্ট্রবেরি কুচিয়ে নিন, ১ টেবিল চামচ মধু আর ২ টেবিল চামচ চিনি নিন। তরমুজ আর স্ট্রবেরি মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার তাতে মেশান মধু ও চিনি। স্ক্রাব তৈরি হয়ে গেল। এটাই সারা মুখে দিন। আস্তে আস্তে মুখের ত্বকে চিনিগুলো যাতে মিলিয়ে যায় সেইভাবে মাসাজ করুন। এই স্ক্রাবের সাহায্যে ত্বক মসৃণ এবং নরম হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ