Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পর্যটকদের আকর্ষণ বাড়াতে দীঘায় ওয়াটার পার্ক গড়বে উন্নয়ন সংস্থা

সৈকতশহর দীঘায় গড়ে উঠবে ওয়াটার পার্ক। পর্যটকদের  আকর্ষণ বাড়াতে আরও একটি বিনোদনমূলক প্রকল্প হাতে নিতে চলেছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা (ডিএসডিএ)।

পর্যটকদের আকর্ষণ বাড়াতে দীঘায় ওয়াটার পার্ক গড়বে উন্নয়ন সংস্থা
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: সৈকতশহর দীঘায় গড়ে উঠবে ওয়াটার পার্ক। পর্যটকদের  আকর্ষণ বাড়াতে আরও একটি বিনোদনমূলক প্রকল্প হাতে নিতে চলেছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা (ডিএসডিএ)। ডিএসডিএ’র অফিসের (জাহাজবাড়ি) সামনে সৈকতের দিকে যাওয়ার রাস্তার পাশে ওয়াটার পার্কের জন্য বছরখানেক আগে জমি চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবিত ওয়াটার পার্কের জন্য বোর্ডও বসেছে। যদিও এখনও কাজ শুরু হয়নি। তবে আগামীদিনে এই প্রকল্প রূপায়ণে উদ্যোগ নেওয়া হবে বলে ডিএসডিএর পক্ষ থেকে জানানো হয়েছে। পর্যটকদের দাবি, অবিলম্বে এই প্রকল্পটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হোক। তাহলে দীঘার প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে।জানা গিয়েছে, কলকাতার নিউটাউনে কিংবা নিকো পার্কে সুসজ্জিত এবং উন্নত পরিকাঠামোযুক্ত ওয়াটার পার্ক রয়েছে। ঠিক সেরকমই গড়ে উঠবে দীঘায়। শিশু সহ সব বয়সি পর্যটকের কাছে এটি আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। তাছাড়া ওয়াটার পার্ক পর্যটকদের অনেকের কাছে খুবই পছন্দের। উল্লেখ্য, দীঘার মূল আকর্ষণ জগন্নাথধাম তৈরির কাজ চলছে। দীঘায় অনেকগুলি সাজানো-গোছানো পার্ক গড়ে তোলা হয়েছে। রয়েছে নানা দ্রষ্টব্য স্থান। আনন্দ-বিনোদনের নানা উপকরণ রয়েছে সৈকতশহরে। সেক্ষেত্রে ওয়াটার পার্ক গড়ে উঠলে দীঘার মুকুটে যে আরও একটি পালক জুড়বে। উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, দীঘায় ওয়াটার পার্ক গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ডিটেল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ চলছে। তবে যেহেতু দীঘায় জগন্নাথধাম উদ্বোধনকে সামনে রেখে অন্যান্য প্রকল্পের কাজ চলছে, তাই গোটা প্রক্রিয়া এগনোর ক্ষেত্রে সময় লাগছে। আশা করছি, আগামীদিনে এই পরিকল্পনা রূপায়ণ করা সম্ভব হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ