Bartaman Logo
৯ জুন, ২০২৬

ওয়াকফ বিতর্ক: হল না শুনানি, মামলা শুনবে পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চ

জমি রাজ্যের বিষয়। অথচ সেই অধিকারে হস্তক্ষেপ করছে নতুন আইন। তাই ওয়াকফ আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গ সরকার।

ওয়াকফ বিতর্ক: হল না শুনানি, মামলা শুনবে পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চ
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জমি রাজ্যের বিষয়। অথচ সেই অধিকারে হস্তক্ষেপ করছে নতুন আইন। তাই ওয়াকফ আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গ সরকার। মূল পাঁচটি মামলার সঙ্গেই তার শুনানি হবে। সোমবার একথা জানিয়েছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং কাকলি ঘোষদস্তিদারও দলের নির্দেশ মতো ওয়াকফ আইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আর আগেই নিজের মতো করে আবেদন করেছেন মহুয়া মৈত্র। 

Advertisement

সোমবার ওয়াকফ আইনের বিরোধিতায় মামলার শুনানি ছিল দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। দুপুর দুটোয় বাদী-বিবাদী উভয়পক্ষই হাজির হন এজলাসে। আগামী ১৩ মে অবসর নিচ্ছেন বিচারপতি সঞ্জীব খান্না। তাই এদিন তিনি জানিয়ে দেন, আমি আর এই মামলা শুনব না। অবসরের সময় এগিয়ে এল। মামলাটি বিস্তারিত শুনতে হবে। তাই পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ ওয়াকফ মামলাগুলি শুনবে। যদিও তিনি জানান, আমি মামলায় কোনও অন্তবর্তী নির্দেশ দিচ্ছি না। মামলা শুনে রায় রিজার্ভও রাখছি না। জানা গিয়েছে, আগামী ১৫ মে হবে পরবর্তী শুনানি।
এদিন আদালতে উপস্থিত বাদী-বিবাদী উভয়পক্ষই তা মেনে নেয়। সরকারের পক্ষে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আবেদনকারীদের পক্ষে আইনজীবী কপিল সিবাল, অভিষেক মনু সিংভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় এই মামলায় সরকারপক্ষের দাবিকে ‘মিথ্যা’ বলেই দাবি করেছে অন্যতম আবেদনকারী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। সরকার সুপ্রিম কোর্টে লিখিতভাবে ১ হাজার ১৩২ পাতার বক্তব্যে জানিয়েছে, গত ১১ বছরে গোটা দেশে ওয়াকফ সম্পত্তির পরিমাণ ১১৩.৪ শতাংশ বেড়েছে। ২০১৩ সালে মোট ওয়াকফ সম্পত্তির পরিমাণ ছিল ১৮ লক্ষ ২৯ হাজার ১৩৬ একর। আর ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ৩৯ লক্ষ ২ হাজার ৪৭৬ একর। এই তথ্য সঠিক নয় বলেই দাবি মুসলিম ল বোর্ডের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ