Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্সবের আমেজে ভোট যাদবপুরে, আকাশ ঢাকল দলীয় পতাকায়!

ভোটের দিন শুনশান যাদবপুরের সব ভিড় গিয়ে জমেছিল ভোটকেন্দ্রে। এদিন যাদবপুরের অলিগলিতে ধরা পড়ল ভোট উত্সবের আমেজ। ঝিরঝিরে বৃষ্টি আর শীতল আবহাওয়ায় ভোটাররা ছাতা মাথায় ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন।

উত্সবের আমেজে ভোট যাদবপুরে, আকাশ ঢাকল দলীয় পতাকায়!
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০

সোহম কর, কলকাতা: ভোটের দিন শুনশান যাদবপুরের সব ভিড় গিয়ে জমেছিল ভোটকেন্দ্রে। এদিন যাদবপুরের অলিগলিতে ধরা পড়ল ভোট উত্সবের আমেজ। ঝিরঝিরে বৃষ্টি আর শীতল আবহাওয়ায় ভোটাররা ছাতা মাথায় ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনীর তত্পরতাও চোখে পড়েছে। ভোটদানের পর বুথের সামনে ভিড় করলেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে সরিয়ে দিচ্ছিলেন। পাড়ায় পাড়ায় তৃণমূল-সিপিএমের ক্যাম্পও চোখে পড়ল। ক্যাম্প ছিল বিজেপিরও। দুপুরের দিকে একেবারে উত্সবের আমেজে দলীয় কর্মী-সমার্থকদের দেখা গেল ‘লাঞ্চ প্যাকেট’ নিয়ে ক্যাম্পে চলে আসতে। হালতুর পূর্বাচল এলাকায় বুথের আদূরে আকাশ ঢেকে গিয়েছিল লাল আর তৃণমূলের পতাকায়। তৃণমূল, বাম ও বিজেপি প্রার্থী খোশ মেজাজে বুথে ঘুরে বেড়ালেন। বুধবারের ভোটপর্বে সবপক্ষ একসুরে বলেছেন, এই ভোট শান্তিপূর্ণ।

Advertisement

এদিন সকালের দিকেই পাটুলির এন ব্লকের একটি বুথে পৌঁছে যান তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার। তিনি বলেন, ‘যাদবপুরের মানুষ ভোট দিতে নেমে এসেছেন। স্বতঃস্ফূর্ততা আছে। এসআইআরের বিরুদ্ধে মানুষ ভোট দিচ্ছেন। কিছু এলাকায় মানুষের উপর অত্যাচার করেছে। বিরাট বাহিনী, সাঁজোয়া গাড়ি ঘুরছে। বাংলার মানুষ মেনে নিয়ে দিল্লির আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে ভোট দিয়েছেন।’ 
মুকুন্দপুর, পালবাজার, হালতু, পাটুলিসহ বিভিন্ন এলাকার বুথে দেখা গেল ভোটারদের বিশাল লাইন পড়েছে। নানা বয়সি ভোটাররাই উপস্থিত হয়েছিলেন ভোট দিতে। শহিদ স্মৃতি কলোনি এলাকায় এদিন দুপুরের দিকে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। সেখানকার ভোটাররা বলেন, ‘প্রায় এক-দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে এলাম। খুব ধীরে ভোট হচ্ছে।’
আবার যাদবপুরের অভিযান ক্লাবের বুথে এদিন দুপুরের দিকে দেখা গেল ব্যতিক্রমী চিত্র। ওই বুথের এক এজেন্ট বলেন, ‘সকাল ১১টার মধ্যেই প্রায় ৬৫ শতাংশ ভোট হয়ে গিয়েছে। তাই ভোট কেন্দ্র বেশ ফাঁকা।’ সকাল থেকে যাদবপুরের কিছু এলাকায় অশান্তির অভিযোগ করে বিজেপি। সব মিলিয়ে এদিন যাদবপুরে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়েছে বলেই কমিশন সূত্রের খবর। 

সম্পর্কিত সংবাদ