Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্ষার আগে ঢালাই রাস্তার দাবি তুললেন গ্রামবাসীরা

গ্রামের আশপাশের পরিবেশ বদলেছে। কিন্তু নিজেদের গ্রামের মাটির রাস্তা বেহাল। বর্ষার আগে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক।

বর্ষার আগে ঢালাই রাস্তার  দাবি তুললেন গ্রামবাসীরা
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: গ্রামের আশপাশের পরিবেশ বদলেছে। কিন্তু নিজেদের গ্রামের মাটির রাস্তা বেহাল। বর্ষার আগে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক। এবার একজোট হয়ে ইট অথবা ঢালাই রাস্তার দাবি তুললেন নামখানার দেবনগর উত্তরপাড়ার গ্রামের বাসিন্দার। এই গ্রামের মাঝ দিয়ে চলে গিয়েছে একটি মাটির রাস্তা। প্রায় তিন কিলোমিটার রাস্তাটি আজ পর্যন্ত একই রকম থেকে গিয়েছে। অথচ এই রাস্তার দুই পাশে রয়েছে প্রায় ২৫০টি পরিবার। প্রতিনিয়ত তাঁরা মাটির রাস্তা দিয়ে যাতায়াত করেন। বিশেষত বর্ষাকালে গ্রামবাসীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। সেই সময় পুরো রাস্তাটি কাদা হয়ে যায়। ছাত্রছাত্রীরা স্কুলে পর্যন্ত যেতে পারে না। এমনকী কোনও গ্রামবাসী অসুস্থ হয়ে পড়লে, তাঁকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয়। দোলনাতে করে রোগীকে নিয়ে দীর্ঘ পথ হেঁটে এসে অ্যাম্বুলেন্সে তুলতে হয়। এছাড়াও গ্রামের মহিলারা কলসি নিয়ে গিয়ে নলকূপ থেকে পানীয় জল আনতে সমস্যায় পড়েন। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন দপ্তরে জানিয়েও সুরাহা হয়নি। কেবলমাত্র ভালো রাস্তা তৈরি করে দেওয়ার আশ্বাস মিলেছে। 

Advertisement

স্থানীয় বাসিন্দা নিখিল দলপতি বলেন, ‘আগে মাটির রাস্তাটি খুবই নিচু ছিল। বছর ছয়েক আগে পঞ্চায়েতের পক্ষ থেকে মাটি ফেলে উঁচু করা হয়েছে। সেই সময় রাস্তাটিতে ইট পাতার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত একটি ইটও পড়েনি। সামনে বর্ষাকাল। ইটের বা ঢালাইয়ের রাস্তা না তৈরি করা হলে গ্রামবাসীদের খুবই সমস্যার মধ্যে পড়তে হবে।’ পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, ‘শীঘ্রই ওই রাস্তা তৈরির কাজ শুরু হবে। ডাবল ইটের সোলিংয়ের রাস্তা তৈরি করার পরিকল্পনা রয়েছে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ