সংবাদদাতা, উলুবেড়িয়া: পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে উদ্যোগপতি হওয়ার মনোভাব গড়ে তোলা ও তাঁদের উদ্ভাবনী ভাবনাকে উৎসাহিত করার জন্য ‘এনট্রাপ্রেনিওরশিপ ক্যাটালিস্ট অ্যাওয়ার্ড’ পাচ্ছে উলুবেড়িয়া কলেজ। আগামী ৫ এবং ৬ এপ্রিল আইআইটি দিল্লির এক অনুষ্ঠানে উলুবেড়িয়া কলেজের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, সারা দেশের ২০টি কলেজকে এই সম্মান দেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র উলুবেড়িয়া কলেজই এই সম্মান পাচ্ছে। ভারত সরকারের ‘ম্যানেজমেন্ট এন্ট্রাপ্রেনিওরশিপ অব প্রফেশনাল স্কিল কাউন্সিল’ (এমইপিএসসি), আইআইটি দিল্লি এবং ‘থিঙ্ক’ স্টার্ট আপ সংস্থার যৌথ উদ্যোগে ‘এসবিআই কলেজ ইয়ুথ আইডিয়াথন-২০২৫’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় উলুবেড়িয়া কলেজ থেকে ১০টি প্রোজেক্ট অংশ নেয়। এর মধ্যে ৬টি প্রোজেক্ট সারা দেশ থেকে আসা শ্রেষ্ঠ এক হাজার প্রোজেক্টের মধ্যে জায়গা করে নেয়।
উলুবেড়িয়া কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ছ’টি প্রোজেক্ট হল খাবারের প্যাকেটে স্মার্ট এক্সপায়ারি লেভেল, যা রং পরিবর্তন করে জানিয়ে দেবে প্যাকেটের খাবার খারাপ হয়ে গেছে কি না, অব্যবহৃত বাড়ির ছাদে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আনাজ চাষ, ফলো মি ট্রলি, স্বয়ংক্রিয় পর্দা, বহনযোগ্য পানীয় জল পরীক্ষা যন্ত্র, এআই ব্যবহার করে ফ্রিজে থাকা আনাজ দিয়ে সম্ভাব্য রেসিপি জানিয়ে দেওার অ্যাপ। আগামী ৫ ও ৬ এপ্রিল দিল্লিতে গ্র্যান্ড ফাইনালে শ্রেষ্ঠ ১০০টি প্রোজেক্ট অংশ নেবে। ওই দিন উলুবেড়িয়া কলেজের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি কলেজের ৬টি প্রোজেক্টের সংশ্লিষ্ট টিমকেও শংসাপত্র প্রদান করা হবে। কলেজের এই সাফল্যে উচ্ছ্বসিত অধ্যক্ষ দেবাশিস পাল বলেন, ‘গতানুগতিক পড়াশোনা, ভালো রেজাল্ট ইত্যাদির উপর নির্ভর করে আগামী দিনে নিজেকে প্রতিষ্ঠা করা খুব কঠিন। আমাদের কলেজের যাঁরা এই উদ্যোগ নিয়েছেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার শুভেচ্ছা।’ নিজস্ব চিত্র