মুম্বই: গত মাসে বিভেদ ভুলে কাছে আসার ইঙ্গিত দিয়েছিলেন উদ্ধব ও রাজ থ্যাকারে। এই নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। শনিবারও এবিষয়ে ইতিবাচক বার্তা দিলেন উদ্ধবপন্থী শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। তিনি জানান, মারাঠিদের জন্য মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে জোট করতে রাজি শিবসেনা (উদ্ধব)। তাহলে কি দুই তুতো ভাইয়ের ঐক্য আসন্ন? উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল। জাতীয় শিক্ষানীতির কথা মাথায় রেখে রাজ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করেছিল ফড়নবিশ প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রতিষ্ঠাতা রাজ। একইসঙ্গে তিনি জানান, প্রয়োজনে উদ্ধবের সঙ্গে হাত মেলাতে সমস্যা নেই। একই বার্তা দিয়েছিলেন উদ্ধব থ্যাকারেও। শনিবার সেই আশাই জিইয়ে রাখলেন সঞ্জয়। সাংবাদিকদের তিনি বলেন, ‘মারাঠিদের স্বার্থে মন থেকে রাজ থ্যাকারের সঙ্গে জোটে যেতে রাজি উদ্ধবজি।’ চলতি বছরে মুম্বই, থানে, নাগপুর সহ মহারাষ্ট্রের একাধিক এলাকায় পুর ভোট রয়েছে। তার আগে রাজ ও উদ্ধব শিবিরের বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০০৫ সালে অবিভক্ত শিবসেনা থেকে বেরিয়ে যান রাজ থ্যাকারে। তৈরি করেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।



