নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওবিসি সংক্রান্ত মামলা মিটে গেলেই রাজ্যে সরকারি ক্ষেত্রে দুই থেকে তিন লক্ষ চাকরি হবে। এর মধ্যে এক লক্ষ হবে শিক্ষকের চাকরি। পুলিস, হাসপাতালসহ বিভিন্ন ক্ষেত্রে এসব চাকরি হবে। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন।
এদিন বিধানসভায় স্বাস্থ্যদপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী চাকরির প্রসঙ্গ তোলেন। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটির শুনানি হয়েছে। সেখানে রাজ্য সরকারের তরফে জানানো হয়, সংরক্ষণের জন্য ওবিসি কমিশনকে দিয়ে নতুন করে সমীক্ষা করানো হবে। এতে মাস তিনেক সময় লাগবে। এরপর সুপ্রিম কোর্ট জুলাই মাসে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে। নতুন করে সমীক্ষা করার ব্যাপারে সুপ্রিম কোর্ট সায় দেওয়ায় মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় সন্তোষ প্রকাশ করেছেন। সমীক্ষার মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি ইঙ্গিত দেন। মণ্ডল কমিশনের সুপারিশের ভিত্তিতে ওবিসিদের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে ওবিসি সংরক্ষণ প্রসঙ্গে নাম না করে বিরোধীদের উদ্দেশে হঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দয়া করে চাকরি নিয়ে খেলবেন না। ক্রিকেট, ফুটবল খেলুন। হাঁটুন। এতে শরীর ভালো থাকবে। মানুষ কিন্তু তৈরি হচ্ছে যোগ্য জবাব দিতে।
স্বাস্থ্যদপ্তরের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দপ্তরের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরার পর মুখ্যমন্ত্রী বলতে ওঠেন। তৃণমূল জমানায় বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে, মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে তথ্য ও পরিসংখ্যানসহকারে তা বিস্তারিত তুলে ধরেন। দেশের মধ্যে পশ্চিমবঙ্গই স্বাস্থ্য ক্ষেত্রে সেরা। আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ্য স্বীকৃতি পেয়েছে। রাজ্যে তিনি ক্ষমতায় আসার পর হাসপাতালের বেডগুলি বড় করার উদ্যোগ নিয়েছিলেন। বাম সরকারের আমলে যেভাবে হাসপাতালের ওয়ার্ডে কুকুর-বিড়াল ঘুরে বেড়াত এখন তা হয় না।