নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েক বছর ধরেই কাজ চলছিল জোর কদমে। এবার তার ফল পেতে চলেছেন রাজ্যের মানুষ। কারণ, দুর্গাপুজোর আগেই পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছবে কল্যাণীতে। এর আগে আংশিকভাবে দুর্গাপুরে এই পরিষেবা চালু হলেও কল্যাণীতে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছনো একটি বড় মাইলফলক বলেই জানাচ্ছে প্রশাসনিক মহল। এছাড়াও কলকাতা সহ রাজ্যের ৪০টি পুরসভায় এই পরিষেবা সুনিশ্চিত করার কাজ চলছে। ইতিমধ্যে কালিকাপুর থেকে যাদবপুর পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে পরিকাঠামো সুনিশ্চিত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সেই সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পাইপ বসানো নিয়ে সমস্যা মিটেছে। যশোর রোডের সমস্যা মেটানোর পদক্ষেপও করা হয়েছে। সামগ্রিকভাবে কাজ চালাচ্ছে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল)। সোমবার উত্তর কলকাতায় দু’টি সিএনজি স্টেশনের উদ্বোধন হয়েছে। একটি বাগবাজার এবং দ্বিতীয়টি বিবেকানন্দ রোডে। এই নিয়ে কলকাতায় ১৮টি সিএনজি কেন্দ্র চালু হল। দু’টি কেন্দ্রের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী শশী পাঁজা। উপস্থিত ছিলেন বিজিসিএল-র সিইও অনুপম মুখোপাধ্যায়। মন্ত্রী জানিয়েছেন, এই দু’টি কেন্দ্র চালু হওয়ায় সিএনজি চালিত যান ব্যবহারকারীদের সুবিধা হল। সংশ্লিষ্ট এলাকার মানুষকে এখন আর অনেক দূর যেতে হবে না। তাছাড়া বাড়ি বাড়ি গ্যাসের পরিষেবাও ভীষণ সুবিধাদায়ক হবে। সেই সঙ্গে তিনি সুরক্ষা ব্যবস্থা নিয়েও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির কথা বলেন। নিজস্ব চিত্র



