


সংবাদদাতা, উলুবেড়িয়া: পৃথক দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। প্রথম ঘটনাটি বুধবার রাতের, দ্বিতীয়টি ঘটেছে বৃহস্পতিবার সকালে। মৃত্যু হয়েছে এক প্রৌঢ়া ও বৃদ্ধার। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। বুধবার রাতে শ্যামপুরের ঘোষখালি এলাকায় বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ হারান প্রৌঢ়া। নাম সুচিত্রা থান্ডার (৫৫)। মৃতার বাড়ি শ্যামপুর থানার রাধাপুর গ্রামে। তিনি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে বিয়েবাড়ির আনন্দ বদলে যায় বিষাদে।
দুর্ঘটনার পর বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদে ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘণ্টাখানেক পরে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তোলে। পুলিশ সৌমেন সর্দার, সম্রাট সিং ও বাবুয়া মাঝি নামে জখম তিন বাইক আরোহীকে গ্রেফতার করে। ধৃত তিনজনকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিন জেল হেপাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সুচিত্রাদেবী ঘোষখালি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। রাতে খাওয়া দাওয়ার পর অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে তিনি রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় হোগলাসির দিক থেকে কমলপুরের দিকে দ্রুত গতিতে যাওয়া একটি বাইক সুচিত্রাদেবীকে সজোরে ধাক্কা মারে। তিনি রাস্তায় ছিটকে পড়েন। সেইসঙ্গে বাইকে থাকা তিন আরোহীও রাস্তায় ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় সুচিত্রাদেবীকে শ্যামপুর ১ নং ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতার পরিবার শ্যামপুর থানায় লিখিত আভিযোগ দায়ের করলে, পুলিশ তিন বাইক আরোহীকে গ্রেফতার করে এবং বাইকটিকে আটক করে।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে বাগনান থানার নুন্টিয়ায় পিক আপ ভ্যানের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হল। মৃতের নাম মহাদেব দাস (৭৩) । বাড়ি শ্যামপুর থানার নওদায়। এদিন সকালে মহাদেববাবু সাইকেলে চেপে বাগনানের দিকে আসছিলেন। নুন্টিয়ার কাছে শ্যামপুর অভিমুখে যাওয়া একটি পিক আপ ভ্যান সাইকেলে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পটলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।