নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির সামনে বেড়া নিয়ে বিবাদ। তার জেরে এক মহিলাকে চপার দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় দুই অভিযুক্তকে তিন বছর কারাদণ্ডের আদেশ দিল আদালত। সাজাপ্রাপ্ত আসামিদের নাম মসিদুল শেখ ও জামালউদ্দিন মল্লিক। মঙ্গলবার আলিপুরের জেলা আদালতের বিচারক মালা চক্রবর্তী এই নির্দেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে আর্থিক জরিমানারও নির্দেশ দেন। মহিলাকে মারধরের ঘটনাতেও অপরাধীদের পৃথক সাজা হয়। আদালতের মন্তব্য, সমস্ত সাজাই একসঙ্গে চলবে। অন্যদিকে, ক্ষতিপূরণ হিসেবে দুই অপরাধীকে দশ হাজার টাকা করে মোট কুড়ি হাজার টাকা দেওয়ার কথাও বলেছে আদালত।



