


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইবার প্রতারণার পৃথক অভিযোগে ওড়িশা থেকে দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২ কোটিরও বেশি প্রতারণার টাকা ঢুকেছে বলে দাবি পুলিশের।
পুলিশ জানিয়েছে, দিব্যজ্যোতি ডি নিগম শেট্টি (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ওড়িশার সুন্দরগড় জেলার লাহুনিপাড়া থানা এলাকা থেকে। পুলিশ সূত্রে খবর, প্রতারণার ২.১ কোটি টাকা সরাসরি অভিযুক্তর ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে। যে মোবাইল ফোন ব্যবহার করে প্রতারণা করা হয়েছিল, সেই ফোনটিও অভিযুক্তর কাছ থেকে উদ্ধার করা গিয়েছে। এই বিষয়ে পুলিশের জেরার মুখে কোনও সদুত্তর দিতে পারেনি ওই অভিযুক্ত। অভিযুক্তকে শহরে নিয়ে আসার জন্য বনাইয়ের সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হবে। অপর ঘটনায় হেমন্তকুমার সাহু (৪৯) নামের এক অভিযুক্তকে ওড়িশার মাহাঙ্গা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পুলিশের দাবি, প্রতারণা করে পাওয়া ২৬ লক্ষ টাকা সে জেনেশুনে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার অনুমতি দিয়েছিল। পুলিশ জানতে পেরেছে, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর ও ইমেল আইডি অভিযুক্তর। তল্লাশিতে ওই ব্যক্তির কাছ থেকে চেক বই, ডেবিট কার্ড ও যে মোবাইল সে নেট ব্যাঙ্কিংয়ের জন্য ব্যবহার করে, সেগুলি উদ্ধার হয়েছে। তাকে এদিন স্থানীয় আদালতে তোলা হয়।