Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকাতেই প্রশ্নে ট্রাম্পের নীতি, রাস্তায় নেমে প্রতিবাদ

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েই ঘোষণা করেছিলেন আমেরিকাকে ফের ‘গ্রেট’ বানাবেন। কিন্তু সাধারণ মানুষ যে তাঁর নীতি নিয়ে তিতিবিরক্ত তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।

আমেরিকাতেই প্রশ্নে ট্রাম্পের নীতি, রাস্তায় নেমে প্রতিবাদ
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েই ঘোষণা করেছিলেন আমেরিকাকে ফের ‘গ্রেট’ বানাবেন। কিন্তু সাধারণ মানুষ যে তাঁর নীতি নিয়ে তিতিবিরক্ত তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। শনিবার ট্রাম্পের বিরোধিতা করে রাস্তায় নামলেন হাজার হাজার সাধারণ মার্কিন নাগরিক। বিক্ষোভ মিছিল থেকে বার্তা দেওয়া হল ‘আমেরিকার কোনও রাজা নেই।’ অর্থাত্, ট্রাম্প যেভাবে খেয়াল খুশিমতো সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে সায় নেই সাধারণ জনগণের। শুল্ক নীতি, গর্ভপাত নিষিদ্ধ, বিভিন্ন নাগরিক সুবিধা হ্রাসের প্রতিবাদে প্ল্যাকার্ড দেখা যায় মিছিলগুলিতে। ট্রাম্পের ক্ষমতায় আসার মাস তিনেকের মধ্যেই এমন বিক্ষোভে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে রিপাবলিকান সরকারের উপরে। রাজধানী ওয়াশিংটনেই ২০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ মিছিলে শামিল হন। তাতে তরুণ প্রজন্ম থেকে শুরু করে শিশুদেরও দেখা গিয়েছে। এছাড়া নিউ ইয়র্ক, হিউস্টন, ফ্লোরিডা, কলোরাডো ও লস এঞ্জেলসের মতো অন্য বড় শহরগুলিতেও বিক্ষোভে শামিল হয় প্রচুর মানুষ। একটি সংগঠন জানিয়েছে, দেশের অন্তত হাজারটি এলাকায় বিক্ষোভ কর্মসূচি হয়েছে।

Advertisement

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ট্রাম্পের ভুল পদক্ষেপের জন্য আমেরিকা বিশ্বমঞ্চে বন্ধুদের হারাচ্ছে। আর তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। নিউ ইয়র্কের বাসিন্দা পেশায় চিত্রশিল্পী সাইনা কেসনার ম্যানহাটনে বিক্ষোভের ফাঁকে বলেন, ‘আমি প্রচণ্ড ক্ষুব্ধ। কয়েকজন সুবিধাপ্রাপ্ত, সাদা চামড়ার ধর্ষক আমাদের দেশ চালাচ্ছে। এটা মোটেই ভালো নয়।’ হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটনের ন্যাশনাল মলের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও গাড়িতে মানুষ এসে জমায়েত করে। সেখানে ভাষণ দেন ডেমোক্র্যাট নেতা জেমি রাসকিন। তিনি অভিযোগ করেন, কোনও নীতিনিষ্ঠ মানুষ এমন অর্থনীতি ধ্বংসকারী স্বৈরাচারী শাসককে মেনে নিতে পারবে না। বোস্টনে ডমিনিক সান্টেলা নামে এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা স্বৈরাচারীকে থামাতে রাস্তায় নেমেছি।’
শুধু আমেরিকা নয়, ইউরোপের কয়েকটি দেশেও ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেও ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি নিয়ে প্রশ্ন তোলা হয়। লন্ডনে মার্কিন-ব্রিটিশ নাগরিক লিজ চেম্বারলিন বলেন, ‘আমেরিকায় এখন যা হচ্ছে, তা এখন সকলের সমস্যা। অর্থনীতি পাগলামি করা হচ্ছে। উনি (ট্রাম্প) আমাদের আন্তর্জাতিক মন্দার দিকে ঠেলে দিচ্ছেন।’ বার্লিনের কর্মসূচিতে সুজান ফেস্ট নামে বৃদ্ধ সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে তোপ দাগেন। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্পের জনপ্রিয়তা হুহু করে কমছে। তবে এসবে দমে যেতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবারও ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তাঁর নীতি থেকে কোনওমতেই সরছেন না তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ