ওয়াশিংটন: মার্কিন মুলুকের বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাসা বাঁধছে চীনা কমিউনিস্ট পার্টি। সেখানে বাড়ছে কমিউনিস্ট প্রভাব। গুরুতর এই অভিযোগ তুলে হার্ভার্ড কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়েছে খোদ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিদেশি পড়ুয়া ভর্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ক্ষমতা খর্ব করার ইস্যুতে শুরু হয়েছে কোর্ট-কাছারি। মামলা-মোকদ্দমার এই অবহেই এবার বিস্ফোরক অভিযোগ তুললেন ট্রাম্পর অতি দক্ষিণপন্থী সহযোগী বলে পরিচিত লরা লুমার। এক্স হ্যান্ডলে তাঁর দাবি, চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের কন্যা তথা হার্ভার্ডের প্রাক্তনী জি মিঙ্গজেকে আমেরিকা-ছাড়া করা হোক। লুমারের বক্তব্য, জিনপিং-কন্যা বর্তমানে থাকেন আমেরিকার ম্যাসাচুসেটসে। সূত্র মারফত জেনেছি, চীনের কমিউনিস্ট পার্টির তরফে তাঁর ব্যক্তিগত নিরাপত্তার জন্য চীনা সেনাবাহিনীর গার্ড নিয়োগ করা রয়েছে। নিজের এই দাবির সপক্ষে কোনও প্রমাণ না দিলেও লুমার তাঁর এই পোস্টটি ট্যাগ করেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকে। ঘটনাচক্রে, জিনপিং-কন্যা মিঙ্গজে এখনও আমেরিকায় থাকেন বলে প্রমাণ্য কোনও তথ্য মেলা দুস্কর। ২০১৫ সালে ‘নিউ ইয়র্কার’-এ প্রকাশিত একটি রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল, হার্ভার্ডের পড়াশোনা শেষ করে চীনে ফিরে গিয়েছেন জিনপিং-কন্যা। কিন্তু ট্রাম্প প্রশাসনের সঙ্গে হার্ডার্ড কর্তৃপক্ষের চলতি চাপানউতোরের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ঘনিষ্ঠ লরা লুমারের এই নয়া দাবি ঘিরে চর্চা তুঙ্গে।



