Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

সন্ত্রাসবাদে মদতদাতাদেরই ভুল শুধরে নিতে হবে: জয়শংকর

সন্ত্রাসবাদের হাত থেকে নিজেকে রক্ষা করার পূর্ণ অধিকার ভারতের রয়েছে। রাষ্ট্রসংঘে এই ভাষাতেই পাকিস্তানের সমালোচনার জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

সন্ত্রাসবাদে মদতদাতাদেরই ভুল শুধরে নিতে হবে: জয়শংকর
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: সন্ত্রাসবাদের হাত থেকে নিজেকে রক্ষা করার পূর্ণ অধিকার ভারতের রয়েছে। রাষ্ট্রসংঘে এই ভাষাতেই পাকিস্তানের সমালোচনার জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পাশাপাশি ভারতকে নিয়ে মিথ্যা খবর ছড়ানোর জন্য পাকিস্তানকে একহাত নিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, ‘সন্ত্রাসবাদে মদতদাতাদের নিজেদেরই ভুল শুধরে নিতে হবে।’ শনিবার অবশ্য পাকিস্তান বা সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নাম উল্লেখ করেননি তিনি। তবে তাঁর আক্রমণের লক্ষ্য বুঝে নিতে অসুবিধা হয়নি আন্তর্জাতিক বিশ্বের। চোখা চোখা ভাষায় তিনি বলেন, ‘শুক্রবার এখানে একজন ধারাবাহিক সন্ত্রাসবাদে মদতদাতা কিছু মিথ্যা তথ্য দিয়ে গিয়েছেন। তবে সেগুলি আর গ্রহণযোগ্য নয়।’ 

Advertisement

শনিবার সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্স নীতির কথা আবারও তুলে ধরেছেন জয়শংকর। তিনি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে সমর্থন বা সহায়তা প্রদানকারী দেশগুলিকে জবাবদিহিতার আওতায় আনার এবং সন্ত্রাসবাদে আর্থিক মদতের নেটওয়ার্কগুলিকে উন্মোচন ও ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে সেনাবাহিনী নিয়ন্ত্রিত ‘পুতুল’ শাসনব্যবস্থায় চলা পাকিস্তানের ‘মিথ্যাচার’ ও ‘প্রতারণা’কে রাষ্ট্রসংঘে তুলোধোনা করে ভারত। ইসলামাবাদকে সতর্ক করে জানায়, সন্ত্রাসবাদে লাগাতার মদতের ফল ভুগতে হবে।
নিউ ইয়র্কে শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাষণের পালটা জবাবে ইসলামাবাদকে তুলোধনা করেছে ভারত। প্রত্যুত্তরের অধিকার প্রয়োগ করে ভারতীয় কূটনীতিক পেটাল গেহলট চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন প্রতিবেশী দেশটিকে। শরিফের মন্তব্যকে ‘অদ্ভুতুড়ে’ বলে কটাক্ষ করে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত দানের পুরানো অভ্যাসের কথা রাষ্ট্রসংঘকে স্মরণ করিয়ে দিয়েছেন গেহলট। তিনি বলেছেন, ‘আমেরিকা সবেমাত্র ৯/১১ হামলার বর্ষপূর্তি পালন করেছে। ওই হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেন পাকিস্তানের শীর্ষ সেনা অ্যাকাডেমির নাকের ডগায় বহাল তবিয়তে গা-ঢাকা দিয়ে ছিলেন। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের সাধারণ সভার বক্তব্যে পাক প্রধানমন্ত্রী শরিফ আরও একবার কাশ্মীর ইস্যু উত্থাপন করেন। একইসঙ্গে, পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ‘অপারেশন সিন্দুর’-এর সময় ভারতের সঙ্গে সংঘর্ষে ইতি টানতে ‘যথাসময়ে হস্তক্ষেপে’র জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসাও করেন। এর জবাব দিতে গিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভণ্ডামির তীব্র সমালোচনা করেন গেহলট। ভারতীয় কূটনীতিকের তোপ, ইসলামাবাদ দিনে নিরাপত্তা রক্ষার দাবি করে আর রাতে সন্ত্রাস চালায়। পাকিস্তানের দুমুখো নীতির কথা রাষ্ট্রসংঘের সাধারণ সভাকে স্মরণ করিয়ে ভারত বলেছে, বছরের পর বছর ধরে বারবার মিথ্যা বললে তা সত্য হয়ে যায় না। 
 রাষ্ট্রসংঘের অধিবেশনে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে জয়শংকর। ছবি: পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ