কাঠমাণ্ডু, ২৭ সেপ্টেম্বর: পুরনো বিপর্যয়ের ক্ষত এখনও কাটেনি। আর সেই রেশ কাটতে না কাটতেই আবারও বিপর্যস্ত নেপাল। এইবার নেপালের মানাং জেলার তিব্বত সীমান্তের কাছে ৭,১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমালের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধস নামে। যার জেরে নিখোঁজ হয়েছেন অন্তত ১০ জন। নিখোঁজদের মধ্যে পর্বতারোহী এবং অভিযানের সহায়ক কর্মীরাও রয়েছেন বলে জানা গিয়েছে।
এর আগে নেপালের রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই প্রতিকূল আবহাওয়ার মধ্যে হিমলুং হিমালে তুষারধসের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে ওই পার্বত্য এলাকায় প্রবল তুষারপাত হচ্ছিল। খারাপ আবহাওয়ার সতর্কবার্তা পাওয়ার পর অভিযানের বেশিরভাগ দল এবং অন্যান্য কর্মীরা পাহাড়ের ঢাল থেকে নেমে এসেছিলেন। এক্সপিডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপালের সাধারণ সম্পাদক ঋষি ভাণ্ডারি ঘটনাটি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে দুইজন ইমাজিন নেপাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত। পাশাপাশি আরও আটজন হিমালয়ান হলিডেজ নেপালের সদস্য। অন্যদিকে নেপালের পর্যটন দপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। নিখোঁজদের সন্ধান ও উদ্ধারের চেষ্টা চলছে। নেপালজুড়ে বর্তমানে প্রতিকূল আবহাওয়া চলছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া আবহাওয়া ব্যবস্থার প্রভাবে দেশের পার্বত্য এলাকায় ভারী তুষারপাত এবং পাহাড় ও সমতলে টানা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সেই জেরে বিভিন্ন জায়গায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আবহাওয়ার অবনতি হওয়ায় ট্রেকার ও পর্বতারোহীদের অভিযান স্থগিত রাখার পরামর্শ দিয়েছে নেপালের পর্যটন দপ্তর। হিমলুং হিমালে পৌঁছনোর ক্ষেত্রে রয়েছে বাড়তি সমস্যা। সেইখানে হেলিকপ্টার পরিষেবায় অতিরিক্ত অনুমতির প্রয়োজন হয়। ফলে দুর্গম এলাকায় উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে উঠেছে ইতিমধ্যেই। এর আগে আগস্টে পাকিস্তানের ব্রড পিকেও ভয়াবহ তুষারধসে ১০ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন নেপালের কয়েকজন অভিজ্ঞ উচ্চতাজয়ী গাইডও। ফলে ফের হিমালয় অঞ্চলে তুষারধসের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা বিশ্বে।