সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরের ভোটার তালিকায় তেলেঙ্গানার ভোটারের নাম। আবার আরামবাগের ভোটার তালিকায় নাম উঠেছে অসম ও উত্তরপ্রদেশের লোকজনের। বৃহস্পতিবার ভোট রক্ষা অভিযান নিয়ে তারকেশ্বরে এক সাংবাদিক সম্মেলনে এই ভুয়ো ভোটারের তথ্য তুলে ধরলেন তৃণমূলের নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়, হরিপালের বিধায়ক করবী মান্না সহ সমস্ত ব্লক ও পুরসভার জনপ্রতিনিধিরা।
সাংবাদিক সম্মেলনে রামেন্দু সিংহ রায় বলেন, জেলার এ সংক্রান্ত দায়িত্বে করবী মান্না রয়েছেন। এছাড়া প্রতিটি ব্লক ও টাউনে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অ্যাপের মাধ্যমে ভোটার তালিকায় সংযোজন, সংশোধন ও তালিকা থেকে যাঁরা বাদ গিয়েছেন, তাঁদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। ভুয়ো ভোটারের মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করছে বিজেপি। তার বিরুদ্ধে আমাদের এই অভিযান। তারকেশ্বর বিধানসভার ধনেখালি থানার অন্তর্গত গোপীনগর ১ নম্বর পঞ্চায়েতের ৫ নম্বর বুথে নথিভুক্ত রয়েছে তেলেঙ্গানার ভোটার। সেখানে তেলেঙ্গানার দু’জন বাসিন্দার নাম রয়েছে। এছাড়াও আরামবাগে অসম ও উত্তরপ্রদেশের ভোটারের হদিশ মিলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত তালিকা হাতে পাব। তারপর ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানানো হবে। পাশাপাশি, যে সমস্ত প্রকৃত ভোটারের নাম বাদ পড়েছে, তাঁদের নাম তোলার জন্য আবেদন জানানো হবে।