Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে জোর প্রচার শুরু তৃণমূলের, বৈঠক শুরু বিজেপিরও

আসন্ন ময়নাগুড়ি বিধানসভা নির্বাচনে একদিকে যেমন হারানো আসন ফিরিয়ে আনতে জোর প্রচার শুরু তৃণমূলের। অপরদিকে ময়নাগুড়ি বিধানসভা নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি শিবির।

ময়নাগুড়িতে জোর প্রচার শুরু তৃণমূলের, বৈঠক শুরু বিজেপিরও
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: আসন্ন ময়নাগুড়ি বিধানসভা নির্বাচনে একদিকে যেমন হারানো আসন ফিরিয়ে আনতে জোর প্রচার শুরু তৃণমূলের। অপরদিকে ময়নাগুড়ি বিধানসভা নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি শিবির। তৃণমূল ময়নাগুড়ি শহর ও গ্রামীণ এলাকা জুড়ে মুখ্যমন্ত্রীর জনহিতকর প্রকল্পগুলি বাড়ি বাড়ি তুলে ধরছে। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মানুষের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করতে ছোট ছোট বৈঠক করা হচ্ছে। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় পত্র সহ সংকল্প পত্রও বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। গৃহ সম্পর্কে জোর দিচ্ছে বিজেপি।

Advertisement

২০২১ সালে ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি জয়লাভ করেছিল। সেই বছর বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পেয়েছিলেন মনোজ রায়। বর্তমানে তিনি ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান। অপরদিকে বিজেপির হয়ে টিকিট পেয়েছিলেন কৌশিক রায়। তিনি পেয়েছিলেন, ১ লক্ষ ১৫ হাজার, ৩০৬ টি ভোট। তৃণমূলের মনোজ রায় পেয়েছিলেন ১ লক্ষ ৩ হাজার ৩৯৫টি ভোট। তৃণমূলের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের তাঁরা তো জিতবেই। এবার ভোটের মার্জিনেও ব্যাপক ম্যাজিক হবে। তৃণমূলের এই দাবিকে অবশ্য নস্যাৎ করে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবির জানিয়েছে, এবছর ময়নাগুড়িতে তারা ২৫ হাজারের উপর ভোটে জেতার টার্গেট রেখেছে।

তৃণমূলের জলপাইগুড়ি জেলার যুব সভাপতি রামমোহন রায় বলেন, বিজেপি দিবাস্বপ্ন দেখছে। পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়ন দেখছে। আর তার নিরিখেই মানুষ ভোট দেবে। যেখানে সাধারণ মানুষ বিপদে পড়লে মুখ্যমন্ত্রী ছুটে যান, সেখানে বিজেপি নেতাদের দেখাই পাওয়া যায় না। রাজ্য সরকারের যে ক্যাম্পগুলি হচ্ছে সেখানে মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করে দিচ্ছে তাঁরা আমাদের পাশে রয়েছে। প্রচুর মানুষ যোগদানও করছে আমাদের দলে।

বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক মলয় কাঠাম বলেন, আমাদের প্রচার জোরকদমে চলছে। দেওয়াল লিখন থেকে শুরু করে স্টিকার লাগানো হচ্ছে। ছোট বৈঠকগুলিতে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের গৃহ সম্পর্কেও জোর দেওয়া হয়েছে। আগামী ৪ এপ্রিল পরিবর্তন রথ ময়নাগুড়িতে প্রবেশ করবে। তারও প্রচার চলছে। আমরা এবার টার্গেট রেখেছি ২৫ হাজারের বেশি ভোটে জেতার।

Advertisement
সম্পর্কিত সংবাদ