নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রের আর্থিক প্রতিবন্ধকতার মধ্যেও রাজ্যব্যাপী উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন বিধানসভা কেন্দ্রে কী কী উন্নয়ন করা হয়েছে, তার খতিয়ান পেশের পথে তৃণমূল কংগ্রেস। মূলত বিধানসভা আসন ভিত্তিক কাজের পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল জবাব দিতে চায় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। কেন্দ্রের সরকারে থেকেও বিজেপি যখন বাংলাকে আর্থিক বঞ্চনা চালিয়ে গিয়েছে, তখন তৃণমূল সরকার কীভাবে উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছে, সেটাই জানান দিতে চান প্রত্যেক বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতারা।
ভোটমুখী বাংলায় রাজনৈতিক প্রচারের মধ্যে এবার অন্যতম বিষয় থাকছে এসআইআর। ভোটার তালিকা থেকে নাম বাদের চক্রান্ত বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে করেছে বলে অভিযোগ রাজ্যের শাসক দলের। এসআইআরকে কেন্দ্র করে সাধারণ মানুষের হয়রানি, লাইন দাঁড়ানো এবং মৃত্যুর যে ঘটনাগুলি ঘটেছে, সেগুলি বিধানসভা ভোটের প্রচারে ব্যাপক মাত্রায় তুলে ধরবে তৃণমূল। প্রচারের দ্বিতীয় অংশে থাকছে উন্নয়ন। রাজ্যব্যাপী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন, সেটাই প্রচারে তুলে ধরবে তৃণমূল। রাজ্যের শাসক দলের নেতারা বলছেন, দুই লক্ষ কোটি টাকা কেন্দ্রের কাছে প্রাপ্য বাংলার। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনাসহ বিভিন্ন প্রকল্পে এই দুই লক্ষ কোটি টাকা কেন্দ্র দিচ্ছে না। কোন প্রকল্পে কত টাকা কেন্দ্রের কাছে প্রাপ্য, তা প্রচারে তুলে ধরা হবে। পাশাপাশি তৃণমূল এটাও তুলে ধরবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কীভাবে উন্নয়ন ঘটিয়েছে বাংলাজুড়ে। রাস্তা, আলো, জল, নিকাশি ব্যবস্থা, সেতুর কাজ কোথায় কীভাবে করা হয়েছে তার তথ্য তুলে ধরবে তৃণমূল। সেইসঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সমাজের সব অংশের মানুষের সার্বিক উন্নয়ন করেছেন, সেটাও তুলে ধরা হবে।
লক্ষণীয় বিষয় হল, এবার বিধানসভা আসন ভিত্তিক উন্নয়নের খতিয়ান পেশ করবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি বিধানসভা আসনে কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, তার তথ্য-পরিসংখ্যান তুলে ধরবেন রাজ্যের শাসক দলের নেতারা। দলীয় সূত্রে আরো জানা গিয়েছে যে, তৃণমূল এবার বিধানসভা আসন ভিত্তিক ইস্তাহার প্রকাশ করতে পারে। সেই ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছে দল। মনে করা হচ্ছে, প্রত্যেকটি বিধানসভা আসনে জনকল্যাণমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল চাপ বাড়াতে চায় বিজেপির উপর। তৃণমূল নেতৃত্ব বলছেন, যে লোকসভা আসনে বিজেপির সাংসদ রয়েছেন, তাঁরা কোনোদিন সেই এলাকার উন্নয়নের জন্য অগ্রসর হননি। ওই এলাকার উন্নয়নের জন্য কোনো কাজ করেননি তাঁরা। একইভাবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যে এলাকায় বিজেপি জিতেছিল, সেখানেও বিজেপি সাংসদদের গত পাঁচবছর পাওয়া যায়নি। এলাকার উন্নয়নের দিকে বিজেপি বিধায়করা অগ্রসর হননি। ফলে এবারের বিধানসভা নির্বাচনে কোনো এলাকায় বিজেপিকে ভোট নয়। বয়কট বিজেপি।