নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাচারের আগেই বটতলা থানা এলাকা থেকে বুধবার রাতে লালবাজারের হাতে উদ্ধার হল ১১ নাবালিকা। বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে তাদের এখানে রাখা হয়েছিল। দেহ ব্যবসার জন্য পাচারের চেষ্টা চলছিল। আটক করা হয়েছে দশজনকে। কোথা থেকে এদের নিয়ে আসা হয়েছিল, তদন্ত করে দেখা হচ্ছে।
লালবাজারের কাছে খবর আসে, বটতলা থানা এলাকার একটি বাড়িতে ১১ জন নাবালিকাকে নিয়ে আসা হয়েছে। তাদের একটি ঘরে আটকে রেখেছে দালালরা। বিভিন্ন জেলা থেকে তারা এসেছে। এরপরই বিকেল চারটে নাগাদ লালবাজারের গোয়েন্দারা সেখানে পৌঁছে যান। জিজ্ঞাসাবাদে ওই নাবালিকারা জানায়, জন্মদিনের পার্টির নাম করে তাদের আনা হয়েছিল। কিন্তু জন্মদিনের কোনও কিছু দেখতে পাননি অফিসাররা। জানা যায়, নাবালিকাদের নিয়ে আসা হয়েছে পাচারের উদ্দেশ্যে। তাদের দেহ ব্যবসায় নামানোয় উদ্দেশ্য। দালালদের মাধ্যমে আসা এই নাবালিকাদের কয়েকজনকে বিক্রি করা হতো। বাকিদের পাঠানো হতো অন্য জায়গায়। এরপরই দশজন দালালকে আটক করা হয়।