Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘তোলাবাজি’র পোস্টার হাড়োয়ার বিধায়কের বিরুদ্ধে, শুরু বিতর্ক

আজ, মঙ্গলবার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে দলের নেতাকর্মীদের উৎসাহ তুঙ্গে রয়েছে।

‘তোলাবাজি’র পোস্টার হাড়োয়ার বিধায়কের বিরুদ্ধে, শুরু বিতর্ক
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আজ, মঙ্গলবার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে দলের নেতাকর্মীদের উৎসাহ তুঙ্গে রয়েছে। তবে তার আগেই হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ এলাকা। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছে তৃণমূল। শুধু হাড়োয়া নয়, জেলার অনান্য বিধানসভায়ও চাপা অসন্তোষ রয়েছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। এদিনের বৈঠকে তার বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে মনে করছেন অনেকে।

Advertisement

২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একে একে দলের সমস্ত সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করছেন অভিষেক। তাঁর সঙ্গে থাকছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। প্রতিটি ব্লক ও বিধানসভা ধরে ধরে দলের অবস্থা নিয়ে আলোচনা চলছে। তৃণমূলের কাছে সাংগঠনিকভাবে বসিরহাট জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভেড়িকেন্দ্রিক এই সাংগঠনিক জেলায় মাঝেমধ্যেই দলীয় কোন্দল মাথাচাড়া দেয়। মূলত এলাকার দখল কার হাতে থাকবে, তা নিয়েই ঝামেলা বাধে। বিধায়কদের এলাকায় দেখা যায় না বলে তৃণমূল কর্মীদের একাংশই মাঝেমধ্যে ক্ষোভ উগরে দেয়। এই আবহে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিধায়কদের শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেয়, সেদিকেই নজর রয়েছে কর্মীদের। 
তাছাড়া, এই মুহূর্তে বসিরহাট লোকসভা কেন্দ্রের কোনও সাংসদ নেই। সেই খামতি পূরণ কীভাবে হবে, তা নিয়েও এদিন বিশেষ কিছু নির্দেশ দিতে পারেন অভিষেক। সূত্রের খবর, বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর ও বসিরহাট উত্তর ও দক্ষিণ বিধানসভায় তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্ট জমা পড়েছে শীর্ষ নেতৃত্বের কাছে। সেখানেও দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি উঠে এসেছে। স্বাভাবিকভাবে এদিনের বৈঠকে তার আঁচ পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। 
এদিকে, বৈঠকের আগের দিন, সোমবার হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের নামে পোস্টার পড়ল বিভিন্ন এলাকায়। মূলত, দেগঙ্গার বিভিন্ন এলাকায় পোস্টার ও লিফলেট চোখে পড়ে। পোস্টারে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ইটভাটা ও ভেড়ির টাকা নয়ছয় সহ একাধিক ক্ষেত্রে তোলাবাজির অভিযোগ করা হয়েছে। নীচে লেখা,  ‘তৃণমূলের কর্মীবৃন্দ’। 
এদিন দেগঙ্গার কালিয়ানি থেকে বেলিয়াঘাটা বাজার পর্যন্ত বিভিন্ন ইলেকট্রিক  পোস্টে এসব পোস্টার চোখে পড়ে। এমন একটি ইস্যুকে স্বাভাবিকভাবেই হাতছাড়া করতে চায়নি বিজেপি। তাদের রাজ্য নেতা তাপস মিত্র বলেন, ‘তৃণমূলের এই বিধায়কের নামে এর আগেও একাধিকবার তোলাবাজির পোস্টার পড়েছে। তারপরেও ওঁদের দল ব্যবস্থা নেয়নি। এর থেকেই স্পষ্ট, তৃণমূল এই ধরনের কাজকে প্রশ্রয় দেয়। বিধায়ক রবিউল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বলতে পারব।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ