নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক সাংগঠনিক জেলার অন্তর্গত বিভিন্ন কলেজের টিএমসিপি ইউনিট তৃণমূল কংগ্রেসের দুই সাংগঠনিক জেলার সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের শুভেচ্ছা জানাল। শুক্রবার তমলুক শহরে নিমতৌড়িতে এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তমলুক, ময়না, নন্দকুমার, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া ও শহিদ মাতঙ্গিনী মহিলা মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের একঝাঁক নেতৃত্ব উপস্থিত ছিলেন। ২০২৬সালে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তমলুক সাংগঠনিক জেলায় সভাপতি ও চেয়ারপার্সন উভয় পদে রদবদল হয়েছে। এদিন সদ্য দায়িত্ব পাওয়া জেলা সভাপতি সুজিত রায় ও জেলা কমিটির চেয়ারপার্সন দীপেন্দ্রনারায়ণ রায়কে বিভিন্ন কলেজ ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। একইভাবে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষকান্তি পণ্ডা এবং চেয়ারপার্সন তথা বিধায়ক তরুণকুমার মাইতিকে শুভেচ্ছা জানানো হয়। সদ্য এই জেলায় আইএনটিটিইউসি-র কোর কমিটি গঠন করা হয়েছে। সংগঠনে জেলা সভাপতি হিসেবে একক কাউকে দায়িত্ব না দিয়ে ন’সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। এদিন কোর কমিটির সদস্য প্রদীপ দেকেও ছাত্র ইউনিটের পক্ষ থেকে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।



