লন্ডন: গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে রজার ফেডেরার, রাফায়েল নাদালকে আগেই টপকে গিয়েছিলেন নোভাক জকোভিচ। এবার আরও এক নজিরে দুই মহাতারকাকে পিছনে ফেললেন জোকার। উইম্বলডনের মঞ্চে ১০০তম জয়ের আলো ছড়ালেন তিনি। দু’টি গ্র্যান্ড স্ল্যামে জয়ের সেঞ্চুরি করলেন সার্বিয়ান মহাতারকা। উল্লেখ্য, সদ্য সমাপ্ত ফরাসি ওপেনে এই কৃতিত্ব দেখান তিনি। পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে শততম ট্রফি জয়ের কীর্তিও, যা এর আগে কোনও টেনিস খেলোয়াড়ের নেই।
তৃতীয় রাউন্ডের ম্যাচে স্বদেশি মিয়োমির কেমানোভিচকে স্ট্রেট সেটে হারান জকোভিচ। মাত্র ১ ঘণ্টা ৪৭ মিনিটের লড়াইয়ে তাঁর পক্ষে ফল ৬-৩, ৬-০, ৬-৪। এর সৌজন্যে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে একশোটি ম্যাচ জয়ের ইতিহাস সঙ্গী হয় ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের। এর আগে উইম্বলডনে এই নজির ছিল রজার ফেডেরার ও মার্টিনা নাভ্রাতিলোভার। জকোভিচ হলেন তৃতীয় খেলোয়াড়। মরশুমের শুরুতেই হবে অস্ট্রেলিয়ান ওপেন। সেই আসরে প্রথম রাউন্ডে জিতলেই গ্র্যান্ড স্ল্যামে ১০০টি ম্যাচ জয়ের হ্যাটট্রিক সারবেন তিনি। এছাড়া ইউএস ওপেনে ৯০টি ম্যাচে জেতা হয়ে গিয়েছে সার্বিয়ান মহাতারকার। যাইহোক, কোভানোভিচের বিরুদ্ধে উইনিং শট নেওয়ার পরেই সেন্টার কোর্টে উৎসবে মেতে ওঠেন জোকার। গ্যালারিতে উপস্থিত মেয়েও তখন বাবার সাফল্যে উচ্ছ্বসিত। মাইক্রোফোন ফেলে জোকারও যোগ দেন তার সঙ্গে। বাবা-মেয়ের নাচের সঙ্গে তাল মেলাল সেন্টার কোর্টের গ্যালারি। এরপর জকোভিচ বলেন, ‘রেকর্ড সব সময়ই অনন্দের। তবে আমার লক্ষ্য এখন স্রেফ খেতাব জয়। তাই ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।’