Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার ফলে কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হচ্ছিল।

আজ বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার ফলে কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হচ্ছিল। শুক্রবার থেকে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সৃষ্টির প্রবণতা আরো বেড়েছে। দুপুর থেকে বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে বেশ কয়েকটি জেলায় জোরালো ঝড়বৃষ্টির ‘কমলা’ সতর্কতা জারি করা হয়। আজ শনিবারও অনেকগুলি জেলায় ‘কমলা’ সতর্কতা থাকছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, উত্তর ভারতের দিক থেকে আসা পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব রাজ্যে পড়েছে। ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং লাগোয়া দক্ষিণ উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বেরিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর প্রান্ত হয়ে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত আছে। তার ফলে বঙ্গোপসাগর থেকে আরো বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির ব্যাপারে বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হয়েছে।

Advertisement

শুক্র ও শনিবার ঝড়বৃষ্টির মাত্রা যে বাড়বে তা আগেই পূর্বাভাসে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায় শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়। কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলার জন্যও। আজ, শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সতর্কতা থাকছে। ঘণ্টায় ৫০-৬০ কিমি গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। ঝড়বৃষ্টি চলতে পারে শনিবারের পর। তবে ওই সময়ের জন্য আপাতত কোনো ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ