নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশ থেকে বর্ষার বিদায় প্রক্রিয়া বেশ জোর গতিতে চলছে। রাজস্থানের আরও কিছুটা অংশের সঙ্গে পাঞ্জাব ও গুজরাতের কিছু জায়গা থেকে বর্ষা কয়েকদিনের মধ্যে বিদায় নেবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে এরাজ্য থেকে বর্ষার বিদায় নিতে এখনও বেশ দেরি আছে। পুজো তো বটেই এমনকি লক্ষ্মীপুজোর আগে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে এমন সম্ভাবনা কার্যত নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দেশ থেকে বর্ষার বিদায় প্রক্রিয়া মোটামুটি স্বাভাবিক সময়েই চলছে।
পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের স্বাভাবিক দিন ১০-১১ অক্টোবর। উল্লেখ্য, এবার দুর্গাপুজোর বিজয়াদশমী পড়েছে ২ অক্টোবর। লক্ষ্মীপুজো ৬ অক্টোবর। মহালয়া আসতে আর মাত্র দিন পাঁচেক বাকি আছে। আপাতত রাজ্যজুড়ে বেশি মাত্রায় বৃষ্টি চলবে এটা আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে। উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এজন্য ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। ২১ সেপ্টেম্বর মহালয়া পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার পাশপাশি মৌসুমি বায়ুর সক্রিয়তা রাজ্যে বেড়েছে। উত্তর-পূর্ব বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি বিহারের উপর সরে এসেছে। সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে । পূর্ব মেদিনীপুরে দিঘায় প্রায় ২০০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আলিপুরদুয়ারের একটি চা বাগানে বৃষ্টি হয়েছে ২৮০ মিমি।