নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী কাল, মঙ্গলবার দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় কিছুটা ঝড়বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি হওয়ার সম্ভাবনা আছে। তবে ২৭-২৮ মার্চ অর্থাৎ শুক্র ও শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আপাতত ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়েছে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি হতে পারে। তবে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। সপ্তাহের শেষদিকে তার মাত্রা বাড়তে পারে। ইঙ্গিত দেওয়া হয়েছে এমনই। ওই সময় উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি র সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন পাহাড় ও লাগোয়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমি ঝঞ্ঝাসহ যেসব কারণে বেশি মাত্রায় ঝড়বৃষ্টি হচ্ছিল, তার পরিবর্তন হয়েছে। পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত এবং সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে। এতে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প কিছুটা ঢুকবে। তাই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা থেকে যাচ্ছে। মনে করছেন আবহাওয়াবিদরা। তবে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যের কোথাও তেমন বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়নি। রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু স্থানে ৩০ থেকে ১০ মিমি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গে এইসময়ে কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। বেশি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। দীঘায় সবচেয়ে বেশি ২১ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। হলদিয়ায় হয়েছে ১২.৪ মিমি। ৮.১ মিমি হয়েছে বাঁকুড়ায়। কলকাতায় এইসময়ে মাত্র ৩.৪ মিমি বৃষ্টি হয়েছে।



