Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাইপ আছে, পাঁচ বছর একফোঁটা জল পাননি খানপুরের বাসিন্দারা

বাড়ি বাড়ি পাইপের সংযোগ থাকলেও গত পাঁচ বছরে একফোঁটা জল পাননি বাসিন্দারা। জলসঙ্কটে প্রায় চারশো পরিবার।

পাইপ আছে, পাঁচ বছর একফোঁটা জল পাননি খানপুরের বাসিন্দারা
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: বাড়ি বাড়ি পাইপের সংযোগ থাকলেও গত পাঁচ বছরে একফোঁটা জল পাননি বাসিন্দারা। জলসঙ্কটে প্রায় চারশো পরিবার। পানীয় জলের দাবিতে রাস্তায় বালতি, কলসি রেখে বিক্ষোভ দেখালেন মহিলারা। বুধবার দুপুরে মালদহের চাঁচল ২ ব্লকের পুরাতন খানপুরের ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৫ সালে দুই কিমি দূরে খানপুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল প্রকল্প হয়। পাঁচ বছর আগে বাড়ি বাড়ি পাইপ বসানোর কাজ হয়েছিল। কিন্তু সেই পাইপ বেয়ে আজও জল আসেনি। পঞ্চায়েত থেকেও গ্রামে জল পরিষেবা স্বাভাবিক করতে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি। ফলে এলাকার চার শতাধিক পরিবার সারাবছর জলকষ্টে ভুগছে। পাইপ নষ্ট হয়ে যাওয়ায় প্রকল্পের ভবিষ্যত্ নিয়েই প্রশ্ন।

Advertisement

বিক্ষোভকারী রতনলাল সাহা বলেন, জ্যৈষ্ঠ মাসের এই গরমে পানীয় জলের জন্য হাহাকার গ্রামে। নেতারা ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু হয়নি। বিক্ষোভকারী জোত্স্না চৌধুরীর অভিযোগ, এলাকায় গভীর নলকূপ থেকে আর্সেনিকযুক্ত জল উঠছে। বাধ্য হয়ে স্নান ও কাপড় কাচা সহ গৃহস্থালির যাবতীয় কাজ মহানন্দার জলে সারতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, জল প্রকল্প থাকলেও পুরাতন খানপুরের দিকে নজর দেয়নি প্রশাসন। সামর্থ্য নেই বলে ব্যক্তিগতভাবে গভীর নলকূপ বসাতে পারেননি অনেকে। মিনা সাহা বললেন, বাড়িতে পাইপ বসালেও একফোঁটা জল পাইনি। অন্যের বাড়ি থেকে জল এনে খেতে হচ্ছে।
এপ্রসঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের চাঁচল মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ বলেন, এলাকাবাসীর কাছ থেকে জল সমস্যার বিষয়ে কোনও লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত জল সরবরাহের ব্যবস্থা করা হবে। মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, পুরাতন খানপুরের সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ