নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হোলি ও দোলযাত্রার পরেও রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে আগামী এপ্রিল মাসের গোড়ায় বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হতে পারে। ফলে এরমধ্যেই বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতির নামও ঘোষণা করতে হবে। বুধবার বিজেপি সূত্রে এই খবর জানানো হয়েছে। যদিও রাজনৈতিক মহলের ধারণা, রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্রীয় পার্টি।
আগামী বছরই বাংলায় গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে। অর্থাৎ, হাতে রয়েছে বড়জোর এক বছর। এই পরিস্থিতিতে রাজ্য পার্টির শীর্ষ নেতার নাম ঘোষণা নিয়ে বিজেপির এহেন টালবাহানাকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মানছে তথ্যাভিজ্ঞ মহল। বিজেপির এক ব্যক্তি, এক পদ নীতি অনুসারে রাজ্য পার্টির সভাপতি সুকান্ত মজুমদার এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে সরতেই হবে। কারণ দু’জনেই এখন কেন্দ্রীয় মন্ত্রী।
কিন্তু বাংলায় বছরখানেকের মধ্যেই বিধানসভা ভোট। তাই বঙ্গ বিজেপির একাংশ এই সময়সীমায় সুকান্তবাবুকেই সভাপতি পদে রেখে দেওয়ার ব্যাপারে সওয়াল করছেন। যদিও বিশেষ পরিস্থিতি মেনে সুকান্তবাবুকেই স্বপদে রেখে দেওয়া হবে, না কি কাউকে দায়িত্ব দেওয়া হবে - তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আপাতত হিমশিম খেতে হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। দলীয় সংবিধান অনুসারে ৫০ শতাংশ রাজ্যে দলের সভাপতি নির্বাচন হয়ে গেলেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পরিবর্তন করা যায়। কিন্তু বাংলা সহ ছ’টি রাজ্যে দলীয় সভাপতি নির্বাচন বাকি রয়েছে।