সংবাদদাতা, বসিরহাট ও বারুইপুর: প্রবল বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে টাকির ইছামতী নদীর পাড়ে মানুষের ঢল। ছাতা মাথায় নদীর ওপারে দাঁড়িয়ে ওপার বাংলার মানুষ। পাশাপাশি বিসর্জন দেখতে উপস্থিত বিদেশ থেকে আসা বহু পর্যটক। বৃহস্পতিবার নিরঞ্জন ঘিরে আন্তর্জাতিক মিলনক্ষেত্র ইছামতীর দুই তীর।
নদীর মাঝ বরাবর সীমারেখা তৈরি করেছিল প্রশাসন। নৌকায় প্রতিমা নিয়ে সে রেখা মেনে বিসর্জন হয়েছে প্রতিমার। পর্যটকরা নৌভ্রমণও করেছেন। এদিন ভাসান শুরু হয় রাজবাড়ির মূর্তি দিয়ে। ২৬ বেয়ারার কাঁধে চেপে আসে টাকির পুর্বের রাজবাড়ির প্রতিমা। তারপর এই অঞ্চলের অন্যান্য মূর্তির বিসর্জন হয়েছে। এ যদি হয় উত্তর ২৪ পরগনার ছবি তাহলে রাজ্যের উল্টো প্রান্ত দক্ষিণ ২৪ পরগনাতেও বিসর্জন ঘিরে সাজো সাজো রব। বারুইপুরে রায়চৌধুরী ও জমিদারবাড়িতে প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বিসর্জনে ওড়ানো হয়েছে নীলকণ্ঠ পাখি। পাশাপাশি সকাল থেকে বাড়ির হেঁশেল সামলে ঘাটে চলে আসেন শ্বেতা, পূজা তন্দ্রারা। এঁরা বারুইপুর ব্লকের বিপর্যয় দপ্তরের অস্থায়ী কর্মী। প্রতিমা নিরঞ্জনের কাজ তদারকির কাজ করেন তাঁরা। এই সব মিলে পুজোর মতোই আনন্দ-উৎসবে মেতেছিল দুই ২৪ পরগনার মানুষ। তবে উদ্দীপনা বেশি ছিল টাকিতে।
ইছামতীতে বিসর্জন দেখতে আসা পর্যটক তন্ময় মজুমদার বলেন, ‘প্রতিবছর এই দিনটার জন্য অপেক্ষা করি। বেহালা থেকে সপরিবারে এসেছি। বৃষ্টির মধ্যেই মাছরাঙা দ্বীপ ও নৌকায় ভ্রমণ করেছি।’ টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার জন্য বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নদীভ্রমণ করতে দেওয়া হয়েছে।’ অন্যদিকে রাজবাড়িতে প্রতিমা বরণ ও সিঁদুর খেলায় মেতে ওঠেন বাড়ির সদস্যরা। দূরদূরান্ত থেকে এই সিঁদুরখেলায় অংশ নিতে আসেন বহু মহিলা। অন্যদিকে হিঙ্গলগঞ্জ ব্লকে শুক্রবার দুলদুলি গৌড়েশ্বর নদীতে প্রতিমা বিসর্জন দেন এই এলাকার বহু ক্লাব ও বাড়ির সদস্যরা।
অন্যদিকে এ প্রসঙ্গে বারুইপুরের রায়চৌধুরীরা বলেন, ‘নীলকণ্ঠ পাখি কৈলাসে গিয়ে শিবকে বার্তা দেয় যে, দেবী দুর্গা পরিবার নিয়ে আসছেন। প্রশাসনের অনেক নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু প্রাচীন রীতি মেনে আমাদের ছাড়তেই হয় নীলকণ্ঠ পাখি।’এছাড়া বারুইপুরে বিসর্জনের দায়িত্বে থাকা মহিলারা বলেন, ‘ঘাটে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা আমাদের কাজ। প্রতিবছর এ সময় আমাদের ডাক পড়ে। ঘাটে কোনও বিপদ যাতে না হয় তার জন্য কড়া নজর রাখতে হয় আমাদের। পুলিশ আমাদের সাহায্য করে।’