এই কলমই সম্ভবত পৃথিবীর সবচেয়ে দামি। অ্যালুমিনিয়ামের এই ঝর্না কলম মাত্র কয়েকটিই প্রস্তুত করেছিল নামজাদা কোম্পানি মঁ ব্লাঁ। তার মধ্যে একটি রয়েছে ভারতে। কথায় আছে, শখের দাম লাখ টাকা। কিন্তু এই কলমের দাম শুনলে চোখ কপালেই উঠবে... প্রায় ১৫ লক্ষ টাকা। মুম্বইয়ের এক কলম সংগ্রহকারীর কাছে রয়েছে এই পেন। তাঁর নাম বিশাল সিংহি। স্টিল রঙের দেখতে এই কলমের গায়ে হাতে লেখা প্রচুর বৈজ্ঞানিক সমীকরণ। খুব মন দিয়ে দেখলে শুধু সেই হাতের লেখা, সমীকরণগুলো চেনা লাগলেও লাগতে পারে। কারণ সেটি বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতের লেখা। কিন্তু অ্যালুমিনিয়াম বডির এই কলমের দাম এত বেশি কেন? ১৫ লক্ষ টাকায় তো শহরতলিতে এক কামরার একটা ফ্ল্যাট হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি ‘কালেক্টরস আইটেম’। সারা পৃথিবীজুড়ে এর সংখ্যা মাত্র কয়েক’শ। তার উপর এই পেনের নিবটি তৈরি হয়েছে সাদা সোনা বা হোয়াইট গোল্ড দিয়ে। দিনকয়েক আগেই কলকাতায় পেন মহোত্সবে এই ঝর্না কলমটি নিয়ে এসেছিলেন সংগ্রহকারী বিশাল সিংহির মেয়ে বিনিশা। সেখানে এই ১৫ লাখি পেন দেখার জন্য একেবারে উপচে পড়েছিল ভিড়। একবারের জন্য ছুঁয়ে দেখার চেষ্টা করেছিলেন অনেকে। আর যদি একবার সেই পেন দু’আঙুলের মাঝে আটকে সাদা পাতায় বুলিয়ে নেওয়া যায়, তাহলে তো আর কথাই নেই! কলমের ঢাকনার রঙ কালো। তার উপর আবার অভিকর্ষের চাপে দুমড়ে যাওয়া স্থান-কাল নিয়ে আইনস্টাইনের বিখ্যাত ছকটি আঁকা রয়েছে। বিনিশা বলেন, ‘বেশ কয়েক বছর ধরে বাবার পেন সংগ্রহ করার শখ রয়েছে। বাবা ২০২০ সালে মঁ ব্লাঁর এই কলমটি সংগ্রহ করেছিলেন।’



