সুদীপ্ত কুণ্ডু, হাওড়া: ‘মায়েরা কখনও আকাশের তারা হয়ে যান না। মায়েরা থাকেন মনের কোণে চুপটি করে। মায়েরা চলে গেলেও থেকে যায় তাঁর আঁচলের ছোঁয়া। হয়তো ঘরের কোথাও একটা ধুলো মাখা হয়ে পড়ে থাকে তাঁর ব্যবহৃত পুরনো জিনিস। কেউ কেউ যত্ন করে রেখে দেন সেসব’-না ফেরার দেশে চলে যাওয়া সেই মায়েদের স্মৃতিকে এবার দুর্গাপুজোয় ফিরিয়ে আনছে সালকিয়ার উত্তর হাওড়া তরুণ দল। গত কয়েক বছরে এলাকার যে সমস্ত মায়েরা গত হয়েছেন, তাঁদের ছবি ও ব্যবহৃত জিনিস দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে তরুণ দলের পুজো মণ্ডপ। থিমের নাম ‘শ্রীচরণেষু মা’।
আয়রন কাস্টিং ও ফেলে দেওয়া ফলের বাক্সর পাতলা কাঠ দিয়ে সালকিয়া স্কুলের পাশে তৈরি করা হচ্ছে তরুণ দলের ৫৫ তম বর্ষের দুর্গাপুজোর মণ্ডপ। প্যান্ডেলজুড়ে শুধু মায়েদেরই স্মৃতি। সালকিয়া অঞ্চলের এমন প্রায় ৬০টি বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে নানা টুকরো টুকরো স্মৃতি। কারও ব্যবহৃত গীতবিতান, মহাভারত, কারও পুরনো সেলাইয়ের রিং, পানের ডাবর কিংবা শিলনোড়া নিয়ে আসা হয়েছে। রয়েছে ছোট গোপাল ঠাকুর, অসম্পূর্ণ তৈরি রুমাল, হাতে বোনা উল, হ্যারিকেন, কুপি আরও অনেক কিছু। জানা গিয়েছে, গত আট মাস ধরে ক্লাবের সমস্ত সদস্যরা মিলে একটু একটু করে এই জিনিসগুলো এলাকার বিভিন্ন ফ্ল্যাট ও বাড়ি থেকে জোগাড় করে এনেছেন। ভাবনাকে রূপ দিয়েছেন থিম শিল্পী শিবাংশু ভট্টাচার্য। পেশায় সিরিয়ালের পরিচালক হলেও হিমাংশুবাবু একসময় দেশপ্রিয় পার্ক, ভবানীপুর সর্বজনীন, শ্যাম পার্কের মতো বড় বড় ক্লাবের পুজোর থিমের কাজ করেছেন। কিন্তু এমন ভাবনা এর আগে কখনও কোথাও প্রকাশিত হয়নি বলে জানালেন তিনি।
শিবাংশুবাবুর কথায়, ‘তরুণ দলের পুজো মণ্ডপে ঢুকলে সবাই এক মুহূর্তের মধ্যে পৌঁছে যাবেন মায়ের কাছে। মায়ের অকৃত্রিম ভালোবাসার স্পর্শ মিলবে এখানে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে দুর্গাপ্রতিমার মুখমণ্ডলে স্নিগ্ধতা ফুটিয়ে তোলা হয়েছে। মা এখানে অভয়দানকারী।’ সাদা-লাল ডোরার তাঁতের শাড়ি পড়ে মায়েরা ব্যস্ত থাকেন রান্নাঘরে। রান্না করার সময় শাড়ির আঁচলে লেগে থাকে হলুদ গুঁড়ো। মায়ের সেই আঁচল এখানেও পাবেন দর্শনার্থীরা। মণ্ডপের উপরে থাকা শামিয়ানা তৈরি করা হয়েছে তাঁতের শাড়ি দিয়ে। মাত্র ছ’লক্ষ টাকা বাজেট। ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার অতনু পান্ডা বলেন, ‘মায়ের উর্ধ্বে তো কিছু হতে পারে না। মায়ের স্নিগ্ধতা আমরা সবাই খুঁজি। দিন শেষে মায়ের কাছেই ফিরতে চাই। সেই সরলতাকেই তুলে ধরছি।’ -নিজস্ব চিত্র