নয়াদিল্লি: দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই, যিনি বি আর গাভাই নামেই সুপরিচিত। বুধবার কেন্দ্রের কাছে তাঁর নাম সুপারিশ করেছেন বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর পরে সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রবীণতম বিচারপতি হলেন গাভাই। আগামী ১৩ মে অবসর নেবেন দেশের প্রধান বিচারপতি খান্না। সব ঠিকঠাক থাকলে তার পরদিন অর্থাৎ ১৪ মে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন গাভাই। আগামী ছ’মাস তিনি ওই পদে থাকবেন। চলতি বছরের ২৩ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা।



