নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের অন্যতম নায়ক ছিল রাফাল যুদ্ধবিমান। বুধবার এমনটাই জানালেন ভারতের ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ এয়ার মার্শাল নাগেশ কাপুর। এদিন ‘বায়ুশক্তি মহড়া, ২০২৬’ সংক্রান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজস্থানের পোখরানে এই বিশেষ মহড়ার আয়োজন করেছে বায়ুসেনা। মহড়ায় কসরত দেখাবে রাফাল, তেজস সহ একাধিক যুদ্ধবিমান। নাগেশ বলেন, ‘অপারেশন সিন্দুরের নায়ক ছিল রাফাল যুদ্ধবিমান। ভবিষ্যতে বায়ুসেনায় রাফাল সহ বিভিন্ন বহুমুখী যুদ্ধবিমান অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। এবিষয়ে কথাবার্তা চলছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়েও কড়া বার্তা দিয়েছেন নাগেশ। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অপারেশন সিন্দুর তা স্পষ্ট করে দিয়েছে। দেশের মাটিতে কোনো জঙ্গি কার্যকলাপ হলেই জবাব দেওয়া হবে। সন্ত্রাস ছড়ালে তার মূল্য দিতে হবে। বায়ুশক্তি মহড়ায় অপারেশন সিন্দুরের সাফল্যের ঝলক দেখা যাবে। নিখুঁতভাবে কীভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়, তা দেখার সুযোগ মিলবে।’



