শুধু বাংলারই নয়, সারা ভারতেরই অন্যতম প্রাচীন পুরসভা বরানগর। এখানকার প্রথম নির্বাচিত বাঙালি পুরপ্রধান সারদাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তাঁর দায়িত্বকালের মেয়াদ ছিল ১৮৮৫ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ১৮৮৭ সালের ২৪ জুন পর্যন্ত। ১৮৮৫ সালের জানুয়ারি মাসে কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছিল বরানগর পুরসভার ২১ প্রতিনিধির নাম। তাঁদের মধ্যে ১৩ জন নির্বাচিত ও ৮ জন মনোনীত। পুরসভায় ছিল ছটি ওয়ার্ড। কোনও কোনও ওয়ার্ডে একজন, আবার কোথাও দু’জন বা তিনজন করে জনপ্রতিনিধি ছিলেন। ২ নম্বর ওয়ার্ডে তিন নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন সারদাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, শশিপদ বন্দ্যোপাধ্যায় ও পিয়ারী মোহন মিত্র। তাঁদের মধ্যে সর্বসম্মতিক্রমে সারদাপ্রসাদ পুরপ্রধানের কার্যভার গ্রহণ করেছিলেন। বরানগর রাজকুমার মুখার্জি রোড ধরে যে রাস্তাটি আমতলা উর্দু স্কুলের দিকে গিয়েছে, সেই রাস্তাটি তাঁর নামেই উৎসর্গ করা হয়েছে। বরানগরের আঞ্চলিক ইতিহাস গ্রন্থ অনুসারে, সারদাপ্রসাদের পরিবারের আদি বসবাস ছিল পূর্ব বাংলার বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে। বরানগরের একাধিক সংস্কার আন্দোলনের ‘পথিকৃৎ’ শশিপদ বন্দ্যোপাধ্যায়ের নিকট আত্মীয় ছিলেন সারদাপ্রসাদ। পরবর্তী সময়ে ১৮৮৮ সালের ১২ আগস্ট থেকে ১৯০৯ সালের ২৩ জুলাই পর্যন্ত বরানগর পুরসভায় সহকারী পুরপ্রধান হিসেবেও কাজ করেন পেশায় শিক্ষক সারদাপ্রসাদ। তিনি বরানগর ভিক্টোরিয়া হাইস্কুলের পরিচালন সমিতির সম্পাদকও হয়েছিলেন। পুর প্রতিষ্ঠানের জমি-বাড়ি কেনার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অসীম। এছাড়াও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। প্রসঙ্গত, বরানগর পুরসভায় একটানা দীর্ঘদিন শ্বেতাঙ্গ শাসনও চলেছিল। এই পুরসভায় প্রথম ইংরেজ পুরপ্রধান হলেন মিস্টার এস ম্যাকফারসন। আর শেষ ইংরেজ পুরপ্রধান মিস্টার জি টি জি মিলনে।



