নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মায়ের চোখের সামনেই তাঁর আট বছরের ছেলেকে অপহরণের অভিযোগ। তড়িঘড়ি তদন্তে নেমে অপহরণকারীদের খোঁজ শুরু করতেই চোখ কপালে উঠল পুলিসের। জানা গিয়েছে, পুরনো এক বিষয়কে কেন্দ্র করে প্রেমিকের সঙ্গে যোগসাজস করে নিজের সন্তানকে অপহরণের নাটক সাজিয়েছেন ওই মহিলা। ঘটনাটি দাশনগর থানা এলাকার। ইতিমধ্যেই সঙ্গীতা সিং নামের ওই মহিলাকে আটক করেছে পুলিস। দক্ষিণেশ্বর থেকে উদ্ধার করা হয়েছে তাঁর নাবালক ছেলেকেও। মহিলার প্রেমিক কৌশিকের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিস।
জানা গিয়েছে, শনিবার বিকেলে তাঁর আট বছরের ছেলেকে অপহরণ করা হয়েছে বলে দাশনগর থানায় অভিযোগ জানাতে যান সঙ্গীতা। ডোমজুড় থানা এলাকার মাকড়দহে তাঁর ফ্ল্যাট। থানায় ওই মহিলা জানান, দশ বছর ও আট বছরের দুই ছেলেকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় বালিটিকুড়ি থেকে আড়ুপাড়া যাওয়ার রাস্তায় কেউ বা কারা তাঁর ছোট ছেলেকে গাড়িতে তুলে নিয়ে পালিয়েছে। সঙ্গে সঙ্গে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিস। শুরু হয় অপহরণকারীদের গাড়ির খোঁজে তল্লাশি। সতর্ক করা হয় অন্যান্য থানাকেও। পুলিস জানিয়েছে, একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজে অপহরণের সময়ের ছবি ধরা পড়ে। সেখানে দেখা যায়, দুই ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা একটি সাদা রঙের গাড়ি পাশে এসে দাঁড়ায়। ভিতর থেকে কেউ পিছনের দরজা খুলে ছোট ছেলেকে তুলে নেয়। এরপর চলে যায় গাড়িটি। অথচ ছেলে অপহৃত হলেও মায়ের মধ্যে কোনও উদ্বেগ ছিল না। তাতেই সন্দেহ হয় তদন্তকারীদের। মহিলাকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। তাতেই বেরিয়ে আসে আসল ঘটনা।
জানা গিয়েছে, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর হুগলির রিষড়া থেকে কয়েক মাস আগে ডোমজুড়ে চলে আসেন সঙ্গীতা। দক্ষিণ মাকড়দহের একটি ফ্ল্যাটে দুই ছেলেকে নিয়ে থাকতেন তিনি। কৌশিক নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সঙ্গীতার। হাওড়ায় হাইরোডের ধারে ধাবার ব্যবসা কৌশিকের। রাজ্যের বেশ কয়েকটি থানায় তার বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। বেশ কয়েক বছর আগে একটি পকসো মামলায় কৌশিক সঙ্গীতাকে মিথ্যা সাক্ষী হিসেবে ব্যবহার করেছিল। সেই মামলায় শাস্তি পেয়েছিল একজন। সম্প্রতি জামিনে ছাড়া পায় ওই ব্যক্তি। এরপরেই তাকে অপহরণের অভিযোগে ফাঁসানোর জন্য প্রেমিক কৌশিককে নিয়ে মিথ্যা নাটক সাজায় সঙ্গীতা। হাওড়া সিটি পুলিসের এক আধিকারিক বলেন, ‘মহিলার গতিবিধি নিয়ে প্রথম থেকেই সন্দেহ ছিল। ধরা পড়ার ভয়ে মহিলার আট বছরের ছেলেকে দক্ষিণেশ্বর এলাকায় ফেলে রেখে গাড়িটি চলে যায়। রবিবার দুপুরে তাকে উদ্ধার করা হয়েছে। অপহরণের নাটকের অন্যতম চক্রী কৌশিকের সন্ধান চলছে। শীঘ্রই ধরা পড়বে সে।’