নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর দিনগুলিতে বৃষ্টির মতিগতি কেমন থাকবে, এটা এখন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে বড়ো প্রশ্ন। এই প্রশ্নের প্রাথমিক উত্তর আগামীকাল শুক্রবার জানাবে আলিপুর আবহাওয়া দপ্তর। পুজোর দিনগুলির (পঞ্চমী থেকে দশমী পর্যন্ত) আবহাওয়ার হাল কেমন থাকবে, এই সংক্রান্ত প্রথম পূর্বাভাসটি ওইদিন প্রকাশ করবে আবহাওয়া দপ্তর। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর গোটা দেশের আবহাওয়ার দীর্ঘকালীন পূর্বাভাস জারি করে। আগামী দু-সপ্তাহ বঙ্গোপসাগর ও আরব সাগরে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা কতটা, সেটা এখানে জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য যে বিভিন্ন গাণিতিক মডেল আছে সেগুলির রিপোর্ট বিশ্লেষণ করে এই দীর্ঘকালীন পূর্বাভাস দেওয়া হয়। গত ১১ সেপ্টেম্বর যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেটির মেয়াদ আছে ২৫ তারিখ পর্যন্ত। সেখানে বঙ্গোপসাগরে এমন কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হবে যা পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে এমন ইঙ্গিত ছিল না।



