Bartaman Logo
৩১ মে, ২০২৬

যুদ্ধের আবহে ‘অপারেশন সিন্দুর’ সিনেমার ঘোষণা! তীব্র নিন্দার ঝড়

পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের নারকীয় হামলা। ‘অপারেশন সিন্দুরে’র মাধ্যমে তার পাল্টা জবাব দেয় ভারত।

যুদ্ধের আবহে ‘অপারেশন সিন্দুর’ সিনেমার ঘোষণা! তীব্র নিন্দার ঝড়
  • ১১ মে, ২০২৫ ০৪:০০

মুম্বই: পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের নারকীয় হামলা। ‘অপারেশন সিন্দুরে’র মাধ্যমে তার পাল্টা জবাব দেয় ভারত। এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। এই ঘটনার পরই ‘অপারেশন সিন্দুর’ নামের সত্ত্ব নথিভূক্ত করার হিড়িক পড়েছিল বিনোদন সংস্থাগুলির মধ্যে। তা নিয়ে তীব্র বিতর্ক দানা বাঁধে। এবার ভারত-পাক চলতি সংঘাতের আবহে পহেলগাঁও হামলা ও ভারতের প্রত্যাঘাত নিয়ে সিনেমা তৈরিরও ঘোষণা হল।  নাম ‘অপারেশন সিন্দুর’। গত শুক্রবার ছবির পোস্টার সামনে আসে। জানা গিয়েছে, ছবির পরিচালকের দায়িত্বে থাকছেন উত্তম মহেশ্বরী। প্রযোজক ভিকি ভাগনানি ও নিক্কি ভাগনানি। পোস্টারে দেখা গিয়েছে, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক মহিলা সৈনিক। এক হাতে বন্দুক। অন্যহাতে সিঁথিতে সিঁদুর পরছেন তিনি। এই পোস্টার সামনে আসার পরই সমালোচনার ঝড় উঠেছে। চলতি অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে ছবি তৈরি আদৌ যুক্তিপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইন্ডাস্ট্রির অন্দরেও সমালোচনার মুখে পড়েছে জ্যাকি ও নিক্কির এই উদ্যোগ। অভিনেত্রী হিনা খান পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘এ কী দেখছি! এমনটা হতে পারে না।’ বিতর্কের মুখে পড়ে ক্ষমা চেয়েছেন নির্মাতারা। পরিচালক লিখেছেন, ‘কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। দেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা থেকেই এই কাজের কথা ভাবা হয়েছিল। তবে এই সময়ে পোস্টার প্রকাশ্যে আনা উচিত হয়নি। আমরা দুঃখিত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ