সংবাদদাতা, বারুইপুর: সোনারপুরের তেমাথা এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে এক রোগীর মৃত্যু নিয়ে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে এক বধূর। মৃতার নাম সাবিত্রী গায়েন কীর্তনিয়া (৫৫)। ঘটনা নিয়ে মৃতার পরিবারের লোকজন তীব্র ক্ষোভ জানান। নার্সিংহোমে তাঁরা বিক্ষোভও দেখান। পরে সোনারপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যানিংয়ে তালদি এলাকার বাসিন্দা সাবিত্রী গায়েন কীর্তনিয়াকে গলব্লাডার অপারেশনের জন্য রবিবার ওই নার্সিংহোমে ভর্তি করেছিলেন পরিবারের লোকজন। সোমবার তাঁর অপারেশন হয়। এরপর মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবারের লোকজন বলেন, রোগী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানানো হলেও নার্সিংহোমের আইসিসিইউ-তে ভর্তি করা ছাড়া কোনও চিকিৎসা হয়নি।



