নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘স্বনির্ভর বাংলা’ কর্মসূচিতে রবিবার কলকাতায় শুরু হচ্ছে ৩৫টি ক্যাম্প। শিবিরগুলি চলবে ২৬ তারিখ পর্যন্ত। শনিবার এনিয়ে কলকাতা পুরসভায় বৈঠক করেন পুর কমিশনার সুমিত গুপ্তা। ছিলেন যুগ্ম কমিশনার জ্যোতির্ময় তাঁতি, পুরসচিব স্বপনকুমার কুন্ডু প্রমুখ। বরো সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সামাজিক সুরক্ষা বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক হয়।
শিবিরগুলির জন্য বিধানসভাভিত্তিক ক্যাম্প করা হবে। তার জন্য ইতিমধ্যেই বিধায়কদের সহযোগিতা চাওয়া হয়েছে। কোথায় কোথায় শিবিরের আয়োজন করা হবে, তার প্রাথমিক রূপরেখাও ঠিক হয়েছে। পাশাপাশি, বরো ভিত্তিক বিভিন্ন ক্যাম্প থেকেও এই পরিষেবা দেওয়া হবে। জানা গিয়েছে, এই শিবিরে যুবসাথীর জন্য আবেদনপত্র দেওয়া বা জমা নেওয়ার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের জন্যও আবেদন নেওয়া হবে। পুরসভা এই ক্যাম্পগুলি চালানোর কাজে ৩২০ জন কর্মীকে নিয়োগ করছে।