Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভানতারার কাজ নিয়ে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পশু আনার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের পাশাপাশি বিস্তর অনিয়ম। মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্তর ভানতারা চিড়িয়াখানার কাজ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে।

ভানতারার কাজ নিয়ে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশু আনার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের পাশাপাশি বিস্তর অনিয়ম। মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্তর ভানতারা চিড়িয়াখানার কাজ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার গুজরাতের জামনগরে রিলায়েন্স ফাউন্ডেশনের এই বন্যপ্রাণ উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের কাজ নিয়ে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছে বিচারপতি পঙ্কজ মিত্তল ও বিচারপতি পি বি ভারালের বেঞ্চ। সিটের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জে চেলামেশ্বর। তদন্তে যাবতীয় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ভানতারা কর্তৃপক্ষ। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করি। আইন মেনে স্বচ্ছভাবে কাজ করার পক্ষপাতী ভানতারা। পশুদের উদ্ধার ও পুনর্বাসন আমাদের প্রধান লক্ষ্য। সিট তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব। তবে পশুদের স্বার্থে তদন্ত চলাকালীন কোনওরকম জল্পনা না ছড়ানোর আর্জি জানাচ্ছি।’ সিটকে ১২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

Advertisement

জামনগরের এই বন্যপ্রাণ পুনর্বাসন কেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাতি সহ একাধিক পশু উদ্ধার করে আনা হয়। বিদেশ থেকেও পশু আসে। বিভিন্ন বন্যপ্রাণ সংস্থার অভিযোগ, পশু আনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম মানা হয়নি। বিশেষ করে হাতির ক্ষেত্রে। কথা প্রসঙ্গে উঠে আসে মহাদেবী নামক হাতি আনার ঘটনা। শীর্ষ আদালতে দু’টি জনস্বার্থ মামলার আর্জি জমা পড়ে। এরপরেই তদন্তের নির্দেশ দেয় দুই বিচারপতির বেঞ্চ। সিটে চেলামেশ্বরের সঙ্গে রয়েছেন উত্তরাখণ্ড ও তেলেঙ্গানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাঘবেন্দ্র চৌহান ও মুম্বই পুলিসের প্রাক্তন কমিশনার হেমন্ত নাগারালে। রয়েছেন আইআরএস অফিসার অনীশ গুপ্তা। ভানতারায় বন্যপ্রাণ সংরক্ষণ আইন মানা হয় কি না, তা খতিয়ে দেখবে তদন্তকারী দল। একইসঙ্গে পশু আনার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনও দেখা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ