Bartaman Logo
১০ জুন, ২০২৬

ট্রেনের কামরার সঙ্গে সংরক্ষণ ব্যবস্থার তুলনা সুপ্রিম কোর্টের

সংরক্ষণের সুবিধা পেয়ে থাকেন দেশের মুষ্ঠিমেয় কিছু মানুষ। তাঁরা কিছুতেই চান না অন্যরাও এর সুবিধা পান। মঙ্গলবার সংরক্ষণ সংক্রান্ত একটি মামলার পর্যবেক্ষণে এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত।

ট্রেনের কামরার সঙ্গে সংরক্ষণ ব্যবস্থার তুলনা সুপ্রিম কোর্টের
  • ৭ মে, ২০২৫ ১৮:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: সংরক্ষণের সুবিধা পেয়ে থাকেন দেশের মুষ্ঠিমেয় কিছু মানুষ। তাঁরা কিছুতেই চান না অন্যরাও এর সুবিধা পান। মঙ্গলবার সংরক্ষণ সংক্রান্ত একটি মামলার পর্যবেক্ষণে এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। তাৎপর্যপূর্ণভাবে তিনি সংরক্ষণের সঙ্গে লোকাল ট্রেনের তুলনা টেনেছেন। তাঁর কথায়, ‘দেশে সংরক্ষণ ব্যবস্থা ট্রেনের কামরার মতো। যাঁরা ইতিমধ্যে কামরায় উঠে পড়েছেন, তাঁরা কখনওই অন্যদের উঠতে দিতে না।’ চলতি বছরের শেষ দিকে দেশের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সূর্য কান্তের শপথ নেওয়ার কথা। উল্লেখযোগ্য ব্যাপার হল, কয়েকদিন আগে একটি মামলায় ওবিসির মধ্যে সাব ক্লাসিফিকেশনের বিরোধীদের সমালোচনা করতে গিয়ে একই ধরনের তুলনা টেনেছিলেন বিচারপতি বি আর গাভাই। তিনি বলেছিলেন, যাঁরা ট্রেনে সিট পেয়ে যান, তাঁরা আর অন‌্যদের বসতে দেন না। বিচারপতি বি আর গাভাই সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন। 

Advertisement

মহারাষ্ট্রে শেষ স্থানীয় নির্বাচন হয় ২০১৬-১৭ সালে। পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২১-২২ নাগাদ। তবে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য সংরক্ষণ ঘোষণাকে কেন্দ্র করে আইনি জটিলতা দেখা দেয়। মহারাষ্ট্র সরকারের ২৭ শতাংশ সংরক্ষণের অধ্যাদেশ ২০২১ সালে আটকে দেয় শীর্ষ আদালত। কীসের ভিত্তিতে এই সংরক্ষণ দেওয়া হয়েছে, সেই প্রশ্ন তুলেছিল আদালত। রাজ্য  সরকার এই নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি। মঙ্গলবার সেই মামলার শুনানির সময় স্থানীয় ভোটের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি বলেন, সীমানা পুনর্গঠনের সময় ওবিসি সংক্রান্ত তথ্য রাজ্যের হাতে ছিল। সেই তথ্য ব্যবহার করে ওবিসি সংরক্ষণের বিষয়টি নিষ্পত্তি করা যেত। তা না করে স্থানীয় নির্বাচন আটকে রাখা হয়েছে। পছন্দের আমলাদের দিয়ে স্থানীয় প্রশাসন চালাচ্ছে রাজ্য সরকার। আর এক আবেদনকারীর হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন  বলেন, ওবিসিদের মধ্যে সামাজিক ও রাজনৈতিকভাবে পশ্চাদপদ শ্রেণিকে চিহ্নিত করা দরকার। 
এই প্রসঙ্গে বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘অন্যান্য শ্রেণিকেও সংরক্ষণের জন্য চিহ্নিত করা উচিত। রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের চিহ্নিত করা প্রয়োজন। তাঁরা কেন সংরক্ষণের সুবিধা পাবেন না? এখন কেবল মুষ্টিমেয় কিছু পরিবার এবং গোষ্ঠী এই সুবিধা পাচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ